বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সেঞ্চুরির পর আর্যাভীর শেবাগ
ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যাভীর শেবাগের ব্যাটে দেখা গেল বিস্ফোরক ইনিংস। বিনু মানকড় ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রানের চোখধাঁধানো ইনিংস খেলেছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) বিজিয়ানগরমের পিভিজি রাজু এসিএ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচে ১৯টি চার ও ৮টি ছক্কার ফুলঝুরি ছোটান আর্যাভীর।
এর আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের যাত্রা শুরুতেই নিজের সহজাত সামর্থ্যের জানান দিয়েছিলেন আর্যাভীর। যুব ওয়ানডে সিরিজের তিন ম্যাচে প্রায় ১০৪ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ছিল ১০৯ রান, যেখানে সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। পরবর্তীতে রাজকোটে শক্তিশালী অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলে উচ্চপর্যায়ের ক্রিকেটের অমূল্য অভিজ্ঞতাও অর্জন করেন এই তরুণ টপ-অর্ডার ব্যাটার।
দিল্লির অধিনায়ক হিসেবে খেলা এই ইনিংসটিতে শুরু থেকেই বোলারদের ওপর কর্তৃত্ব বজায় রাখেন আর্যাভীর। ইনিংসের ২৭টি বাউন্ডারি থেকেই তুলে নেন সিংহভাগ রান। তাঁর দুর্দান্ত শতকের ওপর ভর করেই ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রানের শক্ত সংগ্রহ দাঁড় করায় দিল্লি অনূর্ধ্ব-১৯ দল।
বিশ্বখ্যাত ওপেনারের উত্তরসূরি হওয়ায় প্রত্যাশার বাড়তি চাপ থাকা স্বাভাবিক হলেও বাবার পরামর্শ মেনে স্বাভাবিক খেলায় মনোযোগ রাখছেন আর্যাভীর। এক সাক্ষাৎকারে গর্বিত শেবাগ জানিয়েছিলেন, ‘আমি আর্যাভীরকে বলেছি মাঠে সবসময় চাপ থাকবে, কিন্তু ফলাফল বা বড় রানের অতিরিক্ত চিন্তা না করে কেবল নিজের স্বাভাবিক খেলাটা উপভোগ করতে হবে। নিজেকে মেলে ধরলে রান এমনিতেই আসবে।’
চলতি বিনু মানকড় ট্রফিতে সাবেক অধিনায়কের পুত্র হিসেবে আর্যাভীর ছাড়াও নজর কেড়েছেন রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড়। কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি সেঞ্চুরির পর মাত্র ৪১ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংস খেলেন অনভয়। দুই তারকাপুত্রের এমন আগ্রাসী ব্যাটিং ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে বড় সম্ভাবনার বার্তা দিচ্ছে।