বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক আনিসা খান
যুক্তরাজ্যের জাতীয় নারী কাবাডি দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আনিসা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই প্রাপ্তির কথা জানিয়েছেন আনিসা নিজেই; পরবর্তীতে তাঁর বাবা বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২৩ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠেয় কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।
পেশাগত জীবনে আনিসা খান একজন ব্যবস্থাপনা পরামর্শক এবং খাদ্য ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’-এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করেন। উদ্যোক্তা ও ক্রীড়াবিদ পরিচয়ের পাশাপাশি ব্রিটিশ টেলিভিশনেও পরিচিত মুখ তিনি; বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে প্রথম রানারআপ হয়েছিলেন আনিসা।
২০১৭ সালে বিশ্ববিদ্যালয় পড়াকালীন কাবাডি খেলায় হাতেখড়ি হয় আনিসার। কঠোর অনুশীলন ও ধারাবাহিক ক্রীড়াশৈলীর মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এবার দলটির অধিনায়ক হিসেবে শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পেলেন এই ব্রিটিশ-বাংলাদেশি তরুণী।
আনিসা খানের পৈতৃক বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। রেস্তোরাঁ ও রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচিত ইয়াওর খান যুক্তরাজ্যে ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা। চার ভাই-বোনের মধ্যে আনিসা সবার ছোট।
আগামী ২৩ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত ও বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের জাতীয় দল শিরোপার জন্য লড়বে, যেখানে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন আনিসা খান।