বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। আগামী ৪ ডিসেম্বর থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকার মাঠে শুরু হবে এ প্রতিযোগিতা। নারী ও পুরুষ বিভাগে ২০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।
সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করে। খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে। এ আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়।
তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুরুষ বিভাগে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স অংশ নেবে।
অন্যদিকে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং।
ডিএনসিসির ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে এ প্রতিযোগিতার ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে।
অনুষ্ঠানে ডিএনসিসির বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ফুটবলার আলফাজ ও কায়সারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।