বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার রাতে রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।
সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর থেকে বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে। আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পুরুষ ও নারী দুই বিভাগে ১০টি করে মোট ২০টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো এই টুর্নামেন্টে খেলবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পুরুষ বিভাগে অংশ নেবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স।
নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং।
অনুষ্ঠানে ডিএনসিসির বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতা, সাবেক ফুটবলার আলফাজ ও কায়সারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।