বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্রিশ্চিয়ানো রোনালদো
বয়স ৪০ পেরিয়ে গেলেও গোলমুখে নিজের বিধ্বংসী রূপ অব্যাহত রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে আল আওয়াল পার্কে অনুষ্ঠিত সৌদি প্রো লিগের ম্যাচে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরকে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক পূরণের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করার আরও কাছাকাছি পৌঁছে গেলেন তিনি।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আল নাসর। ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। তবে প্রথমার্ধের শেষভাগ এবং দ্বিতীয়ার্ধের সূচনায় দুই গোল পরিশোধ করে ম্যাচে ২-২ সমতা ফিরিয়ে নাটকীয়তা বাড়ায় আল খলুদ। সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন রোনালদো। ৬৬ মিনিটে স্বদেশি তারকা জোয়াও ফেলিক্সের ক্রস থেকে নিখুঁত হেডে আল নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন তিনি। এর ঠিক ছয় মিনিট পর, ৭২ মিনিটে আবারও ফেলিক্সের পাসে লক্ষ্যভেদ করে ব্যবধান ৪-২ করেন পর্তুগিজ অধিনায়ক।
৮১ মিনিটে আসে রোনালদোর বহুল প্রতীক্ষিত তৃতীয় গোল। এবার সাদিও মানের পাস থেকে জালে বল জড়িয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আল খলুদের হয়ে দোমিঙ্গেস একটি গোল শোধ করলেও তা আল নাসরের পূর্ণ তিন পয়েন্ট অর্জন ঠেকাতে পারেনি। ম্যাচে রোনালদোর পাশাপাশি আলো ছড়িয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স; দলের পাঁচটি গোলের চারটিতেই সরাসরি অ্যাসিস্ট করেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো দলের সম্মিলিত পারফরম্যান্স ও নিজের হ্যাটট্রিকে অবদান রাখতে পেরে আনন্দ প্রকাশ করেন।
এই তিন গোলের সুবাদে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৮৫টিতে। বিভিন্ন ক্লাবের হয়ে তাঁর গোলসংখ্যা এখন ৮৩৯ এবং পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ১৫টি গোল দূরে অবস্থান করছেন তিনি। এই জয়ের ফলে ১১ ম্যাচে ৯ জয়, ১ ড্র ও ১ হারে ২৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল নাসর। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল কাদসিয়া এবং ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে আল খলুদ।