বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রস্তাবিত ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের স্থাপত্য নকশা
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে দর্শক ধারণক্ষমতায় পেছনে ফেলে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম নির্মাণের মেগাপ্রকল্প হাতে নিয়েছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণাধীন ‘ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম’-এ একসঙ্গে বসে খেলা ও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।
গৃহীত পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্টের মধ্যে আধুনিক এ ক্রীড়া স্থাপনাটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সীমা বজায় থাকলে ২০২৮ সালেই এটি আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য খুলে দেওয়া হবে। ভিয়েতনামের সমন্বিত আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ হিসেবে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুরো প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকা।
স্টেডিয়ামটির স্থাপত্যশৈলীতে ভিয়েতনামের হাজার বছরের লোকজ ইতিহাস ও প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটানো হয়েছে। দেশটির ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে বাইরের অবয়ব নকশা করা হয়েছে। ফুটবলের পাশাপাশি বড় আকারের কনসার্ট ও সাংস্কৃতিক আসর আয়োজনের উপযোগী করে এটি তৈরি করা হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেও যাতে আয়োজন নির্বিঘ্ন থাকে, সে লক্ষ্যে স্টেডিয়ামটিতে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার উপযোগী আধুনিক ছাদ (রিট্র্যাক্টেবল রুফ) সংযোজন করা হচ্ছে।
বর্তমানে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের স্বীকৃতি ধরে রেখেছে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। হ্যানয়ের নতুন এই স্টেডিয়ামের পরিকল্পিত আসনসংখ্যা ভারতের চেয়ে ৩ হাজার বেশি। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ হলে বৈশ্বিক দর্শক ধারণক্ষমতার শীর্ষ স্থানটি এককভাবে নিজেদের দখলে নেবে ভিয়েতনাম।