বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সামরিক সংঘাত ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে দেশটির পেশাদার ফুটবলেও। উদ্ভূত নিরাপত্তা শঙ্কার প্রেক্ষাপটে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের (এসপিএল) নবম রাউন্ডের তিনটি গুরুত্বপূর্ণ খেলা স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে লিগ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৌদি প্রো লিগ তাদের ওয়েবসাইটে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, খেলোয়াড়দের প্রয়োজনীয় ন্যূনতম বিশ্রাম নিশ্চিত করা এবং বিরাজমান পরিস্থিতিতে সামগ্রিক ব্যবস্থাপনাগত সমন্বয়ের কারণে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলাল বনাম আল রিয়াদ এবং আল ইত্তিহাদ বনাম আল শাবাবের মধ্যকার স্থগিত দুটি ম্যাচ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ও আল আহলির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি প্রায় পাঁচ মাস পিছিয়ে ২০২৭ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে নবম রাউন্ডের বাকি সব ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৫ অক্টোবর থেকেই মাঠে গড়াবে।
চলমান আকাশযুদ্ধ ও নিরাপত্তা সংকটের কারণে সৌদির ফুটবলে বিঘ্ন ঘটার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয়। রিয়াদের আকাশসীমায় হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর জরুরি সতর্কতা জারির কারণে ম্যাচটি পিছিয়ে দিতে হয়েছিল।
সম্প্রতি সৌদি জোট ও হুথিদের সংঘাত তীব্র রূপ নিয়েছে। সৌদির বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হুথিরা। বিশেষ করে গত সপ্তাহে রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় ১৩ জন নিহত এবং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই দেশজুড়ে কড়া সতর্কতা বজায় রয়েছে।