বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
২২টি ক্রীড়া ডিসিপ্লিনে অংশ নিয়ে মাত্র একটি ব্রোঞ্জ পদক অর্জনের মধ্য দিয়ে সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে হতাশাজনক পারফরম্যান্স এবং অ্যাথলেটদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদে আসন্ন প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এই কড়া বার্তা দেন।
খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় হার-জিত খেলার স্বাভাবিক অংশ হলেও বিদেশে প্রতিনিধিত্ব করতে গিয়ে বিনোদনমূলক ঘোরাঘুরিতে সময় ব্যয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাথলেটদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থকে সবার ওপরে রেখে দেশের হয়ে মাঠে নিবেদিত থাকতে হবে।
এশিয়ান গেমসে চরম ব্যর্থতার সামগ্রিক কারণ মূল্যায়নে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে আমিনুল হক বলেন, ওই কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ডিসেম্বরে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। তিনি স্পষ্ট করেন, সরকার তাৎক্ষণিক সাফল্যের চেয়ে আগামী পাঁচ বছরের মধ্যে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে গড়ে তোলার দীর্ঘমেয়াদি রূপরেখা নিয়ে এগোচ্ছে এবং প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
এদিকে আসন্ন প্যারা এশিয়ান গেমসে আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়া—এই ছয়টি ডিসিপ্লিনে অংশ নিতে যাচ্ছেন ১২ জন প্রতিযোগী। গেমসকে সামনে রেখে ইতিমধ্যে ৭০ দিনের নিবিড় আবাসিক ক্যাম্প শেষ করেছে দলটি। এর মধ্যে অ্যাথলেটিকসের চৈতী রাণী এবং আর্চারির ঝুমা আক্তারকে ঘিরে পদক জয়ের বিশেষ প্রত্যাশা রয়েছে। অ্যাথলেটদের শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জন্য সহায়ক কর্মী ও পাঁচজন কোচসহ মোট ৩২ সদস্যের বহর গেমসে অংশ নিচ্ছে।