বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য পর্তুগালের দরজা এখনো উন্মুক্ত রেখেছেন কোচ হোর্হে জেসুস। তবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা আন্তর্জাতিক ক্যারিয়ার কীভাবে এবং কখন শেষ করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে বলে জানিয়েছেন পর্তুগিজ কোচ।
নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে সাইডবেঞ্চে বসে থাকার পর পরবর্তী ম্যাচে ডেনমার্কের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাবেন না বুঝতে পেরে হঠাৎ করেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান ৪১ বছর বয়সী রোনালদো। রোববার (৪ অক্টোবর) রাতে নরওয়েকে ২–১ গোলে হারিয়ে পর্তুগাল উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক রোনালদোর ক্যাম্প ছাড়ার বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খোলেন জেসুস।
জেসুস বলেন, ‘সে (রোনালদো) যদি চায়, তবে জাতীয় দলে অবশ্যই ফিরবে। পরেরবার স্কোয়াড ঘোষণার আগে আমরা খোলামেলা কথা বলতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা ক্রিসকেই নিতে হবে। ক্রিস্টিয়ানোর জাতীয় দলের অধ্যায়টি সে যেভাবে সম্মানজনকভাবে শেষ করতে চায়, ঠিক সেভাবেই শেষ হওয়া উচিত। ক্যারিয়ার কীভাবে শেষ করবে, সেই অধিকার সম্পূর্ণ তার।’
পর্তুগালের জন্য এই কিংবদন্তির উপস্থিতির প্রয়োজনীয়তা তুলে ধরে জেসুস স্মৃতিচারণ করেন, ‘দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল ঘোষণার দিন আমি তাকে বলেছিলাম, “আমার তোমাকে দরকার, আমার তোমাকে দরকার। তুমি মাঠে খেলো বা না খেলো, দলের ভেতরে তোমাকে আমার কাছে থাকতে হবে।” এখনো আমি ঠিক একই কথাই বলছি।’
সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদোর সঙ্গে এক মৌসুম কাজ করা হোর্হে জেসুস ২০২৬ বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। নতুন এই জুটির যাত্রা শুরু হয় চলতি ফিফা উইন্ডোতে। প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে একাদশে মাঠে নামলেও পরের ম্যাচে নরওয়ের বিপক্ষে পুরো সময় বেঞ্চে বসিয়ে রাখা হয় রোনালদোকে। দ্বিতীয়ার্ধে সাইডলাইনে ওয়ার্মআপ করানো সত্ত্বেও তাঁকে মাঠে নামানো হয়নি। ফলে ২০০৮ সালের পর এই প্রথম স্কোয়াডে থেকেও কোনো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে ৯০ মিনিট মাঠের বাইরে বসে থাকার তিক্ত অভিজ্ঞতা হয় রোনালদোর। এর জেরেই ডেনমার্ক ম্যাচের আগে কোপেনহেগেনের দলীয় ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন তিনি।