বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক ক্রীড়া উৎসব। বিভিন্ন ডিসিপ্লিনে দুই ক্লাবের খেলোয়াড়দের প্রতিযোগিতায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একসঙ্গে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় অংশ নেন দুই ক্লাবের সদস্যরা।
প্রতিটি ইভেন্টেই প্রতিযোগিতার পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। ক্রীড়া নৈপুণ্যের পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব ও সম্প্রীতির আবহও ফুটে ওঠে পুরো আয়োজনে।
প্যাডেল টেনিসে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বড় ব্যবধানে জয় পায় গুলশান ক্লাব। ম্যাচে তাদের জয় আসে ১১-১ ব্যবধানে।
ফুটবল ম্যাচেও ছিল টানটান উত্তেজনা। গুলশান ক্লাবের হয়ে ইশমাম একটি গোল করেন। জবাবে চট্টগ্রাম ক্লাবের সাগর গোল করে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়।

অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে ক্রিকেট ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচটি ড্র হিসেবে গণ্য করা হয়।
একই সময়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটি একসঙ্গে বড় পরিসরে ক্রীড়া ইভেন্ট আয়োজনের সক্ষমতারও পরিচয় দিয়েছে। বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের জন্য এমন আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বসুন্ধরা স্পোর্টস সিটি জানিয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে বহুমাত্রিক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি একটি প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য রয়েছে।