বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’র (আইএল টি-টোয়েন্টি) পঞ্চম আসরের আসন্ন খেলোয়াড় নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। এদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম উঠেছে জাতীয় দলের দুই গতিতারকা তাসকিন আহমেদ ও নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের।
এই তিন ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ লাখ ৩৮ হাজার টাকা। সর্বোচ্চ ক্যাটাগরিতে বাংলাদেশের এই তিনজনের সঙ্গে আরও রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, ফখর জামান ও ডেভিড উইলির মতো বৈশ্বিক তারকারা।
দ্বিতীয় সারির ক্যাটাগরিতে থাকা চার বাংলাদেশি ক্রিকেটার—সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার (প্রায় ৪৯ লাখ ১৯ হাজার টাকা)। এ ছাড়া ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক ও পেসার তানজিম হাসান সাকিব।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামের মূল বাজেট ১৩ লাখ ডলার, যার সঙ্গে প্রাক-নিলাম চুক্তির (প্রি-অকশন সাইনিং) নির্ধারিত ৭ লাখ ডলার থেকে উদ্বৃত্ত অর্থ যোগ করার সুযোগ রাখা হয়েছে। সে হিসেবে নিলামে সর্বোচ্চ ১৩ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ১৭ কোটি ৯ লাখ টাকা) খরচ করার সুযোগ নিয়ে নামছে এমআই এমিরেটস। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ লাখ ৬৫ হাজার ডলার (প্রায় ১৬ কোটি ৭৮ লাখ টাকা) বাজেট রয়েছে আবুধাবি নাইট রাইডার্সের।
এ ছাড়া ডেজার্ট ভাইপার্স ও গালফ জায়ান্টসের প্রত্যেকের ব্যালান্স রয়েছে ১৩ লাখ ৫ হাজার ডলার করে। অন্যদিকে প্রি-অকশনের পুরো অর্থ আগেই খরচ করে ফেলা দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স নিলামে অংশ নেবে মূল ১৩ লাখ ডলারের বাজেট নিয়ে। উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর আগেই সরাসরি চুক্তির আওতায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস।
আইসিসির ১১টি পূর্ণ সদস্য দেশ ছাড়াও সৌদি আরব ও কুয়েতসহ মোট ২৩টি দেশের প্রায় ২০০ জন ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে প্রাথমিকভাবে চার শতাধিক খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টটির পঞ্চম আসর অনুষ্ঠিত হবে।