বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফুটবল ইতিহাসের দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে অক্ষুণ্ণ থাকা এক অনন্য বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। গত শনিবার আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করার সুবাদে ঘরোয়া শীর্ষ লিগে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ডটি এখন একচ্ছত্রভাবে আল নাসরের দখলে। এই অর্জনের পেছনে বড় অবদান রয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর, যিনি ক্লাবটির এই রেকর্ডময় যাত্রার সারথি।
এর আগে ত্রিশের দশকের শেষ দিক থেকে বিশ্ব ফুটবলের এই রেকর্ডটি শোভা পাচ্ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের নামের পাশে। আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’-এর তথ্য অনুযায়ী, ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত স্থানীয় লিগে টানা ৯৩টি ম্যাচে গোল করার অসাধারণ কীর্তি গড়েছিল রিভার প্লেটের সেই সোনালী প্রজন্মের দল ‘লা মাকিনা’। কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো ফার্নান্দেজ (যাকে ‘এল চারো’ বা ‘কাউবয়’ বলা হতো) এবং অ্যাডলফো পেদেরনেরার মতো তারকারা সেই দলের অংশ ছিলেন। সেই সময়ে ৯৩টি লিগ ম্যাচে মোট ৩০১ গোল করেছিল রিভার প্লেট।
দীর্ঘ ৮৭ বছর ধরে অটুট থাকা সেই রেকর্ডটি গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে প্রথম গোলটি করে ছুঁয়ে ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর গত শনিবার আল খালিজের বিপক্ষে ম্যাচে সৌদি ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদানের গোলের সুবাদে রিভার প্লেটকে পেছনে ফেলে এককভাবে বিশ্ব রেকর্ডের শীর্ষস্থান দখল করে নেয় আল নাসর। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদকে ৪-১ গোলে হারানোর ম্যাচ দিয়ে আল নাসরের এই গোল করার অবিরাম যাত্রা শুরু হয়েছিল।
লিগের বাইরে অন্যান্য আনুষ্ঠানিক ম্যাচ মিলিয়ে রিভার প্লেটের আরও একটি রেকর্ড অবশ্য এখনো টিকে আছে। সেই যুগে স্থানীয় টুর্নামেন্ট ও কাপের ম্যাচ মিলিয়ে টানা ৯৬টি ম্যাচে গোল করেছিল রিভার প্লেট—যার মধ্যে ৯৩টি লিগ ম্যাচ, পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি জাতীয় কাপ ম্যাচ অন্তর্ভুক্ত ছিল। তবে কেবল ঘরোয়া লিগের পরিসংখ্যানে রিভার প্লেটের ৮৭ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে আল নাসর ও ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন।