বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চরম ব্যাটিং বিপর্যয় সামলে পাকিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে নারী এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ রানে ২ উইকেট এবং ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল লঙ্কানরা। সেখান থেকে দুর্দান্ত এক প্রতিরোধ গড়ে ৮ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় দলটি, যার মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী মঞ্চে পৌঁছাল তারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের সংগ্রহ দাঁড় করায়। ইনিংসের শুরুতে দলীয় ৫ রানে ইনফর্ম ওপেনার মুনিবা আলিকে হারিয়ে বিপদে পড়েছিল দলটি। শাওয়াল জুলফিকারের ২৪ এবং গুল ফিরোজার ২১ রানের পর আয়েশা জাফর ৭ ও সাদাফ শামাস ৮ রানে আউট হলে পাকিস্তানিরা অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে। সেখান থেকে ছয় নম্বরে নেমে অধিনায়ক ফাতিমা সানা ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রান এবং তুবা হাসান অপরাজিত ১২ রান করে দলকে লড়াকু অবস্থানে নিয়ে যান। শ্রীলঙ্কার পক্ষে চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও সুখকর হয়নি। মাত্র ৫ রানে দলটির অধিনায়ক চামারি আতাপাত্তু ও সঞ্জনা কাভিন্দি সাজঘরে ফেরেন, এরপর হাসিনি পেরেরা ৩ এবং ইমেশা দুলানি ২৪ রানে ফিরলে চরম বিপাকে পড়ে দল। তবে পঞ্চম উইকেটে হারশিতা সামারাবিক্রমা (৩৬) ও কাভিশা দিলহারির (৩৩) দায়িত্বশীল ৬৭ রানের জুটি লঙ্কানদের ম্যাচে ফেরায়। শেষ দিকে নীলাক্ষী ডি সিলভার ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে অপরাজিত ১০ রানের ক্যামিওতে ১৮ দশমিক ৪ ওভারেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। পাকিস্তানের পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নিয়েও দলকে রক্ষা করতে পারেননি অধিনায়ক ফাতিমা সানা, যার ফলে ভেস্তে যায় ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা। রোববারের ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।