বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দুই গোলে পিছিয়ে পড়ার পরও শেষ মুহূর্তের নাটকে নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। অপর ম্যাচে শেষ মুহূর্তের জোড়া গোলে আতালান্তাকে ২-১ ব্যবধানে স্তব্ধ করে দিয়েছে রোমা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নাটকীয় এই দুই জয়ে সিরি আ টেবিলের যৌথভাবে শীর্ষে উঠেছে ইন্টার ও রোমা।
উভয় দলই টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে আতালান্তা ছয় এবং নাপোলি তিন পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে।
সান সিরোতে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে নাটকীয়তা শুরু হয়। ৫০তম মিনিটে মাতেও পলিতানোর নিচু শটে লিড নেয় নাপোলি। তিন মিনিট পরই দূরপাল্লার দারুণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন রামুস হয়লুন্ড। পিছিয়ে পড়ে দ্রুত ব্যবধান কমান ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেস। ৮২তম মিনিটে বদলি নামা মার্কাস থুরামের বুলেট গতির হেডে সমতায় ফেরে ইন্টার। এরপর নির্ধারিত সময়ের পর অতিরিক্ত মিনিটের (৯১তম মিনিট) জটলা থেকে সুযোগসন্ধানী ফিনিশিংয়ে জয়সূচক গোল এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেস।
উভয় দলই আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ মিশনে নামবে; যেখানে ইন্টার সফর করবে রিয়াল মাদ্রিদের মাঠে এবং নাপোলি ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনালকে।

এদিকে রোমার ঘরের মাঠে আতালান্তার বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে এদেরসনের জোরালো শটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর অব্যাহত আক্রমণ চালালেও আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চির দৃঢ়তায় গোলবঞ্চিত হচ্ছিল রোমা। তবে ৯০তম মিনিটে মারিও হেরমোসো হেডে সমতা টানার পর অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় মাতিয়াস সুলে চমৎকার এক ফিনিশিংয়ে রোমাকে ২-১ গোলের অবিশ্বাস্য জয় এনে দেন। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ আট বছরের খরা কাটিয়ে আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফেনেরবাচের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাস পেল রোমা।
দিনের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছে তোরিনো। ৮২তম মিনিটে স্কটিশ স্ট্রাইকার চে অ্যাডামসের জয়সূচক গোলে টানা তিন হারের ধাক্কায় পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে ফ্যাবিও গ্রোসোর ফিওরেন্তিনা।