বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের যুবারা
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ যুব ফুটবল দল। সোমবার রাতে তাসখন্দের মাটিতে পরাজয়ের পর আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সিরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের যুবারা।
আন্তর্জাতিক ফুটবলে সিনিয়র কিংবা বয়সভিত্তিক কোনো স্তরেই উজবেকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এ ম্যাচের আগে যুব দল দুবার এবং জাতীয় দল তিনবার উজবেকদের মুখোমুখি হলেও পাঁচ ম্যাচের সবকটিতেই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাল-সবুজ প্রতিনিধিদের।
তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে শুরু থেকেই তীব্র চাপের মুখে পড়ে বাংলাদেশ। ম্যাচের ২০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা; ডি-বক্সের ভেতর জটলার মধ্য থেকে উজবেক মিডফিল্ডার কুভানিষবেক সায়দালিয়েভের নেওয়া শট বাংলাদেশের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে আশ্রয় নিলে ১–০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
গোল হজমের চার মিনিট পরই জোড়া খেলোয়াড় বদল করে আক্রমণ জোরদারের চেষ্টা চালান দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স। রাইসুল ইসলামের জায়গায় ইংল্যান্ডপ্রবাসী অ্যাডাম আব্বাস এবং কামাল মৃধার পরিবর্তে অস্ট্রেলিয়াপ্রবাসী এহসান মালিককে মাঠে নামানো হলেও প্রথমার্ধে খেলার গতিতে পরিবর্তন আসেনি।
প্রথমার্ধের পরিসংখ্যান স্পষ্ট করে উজবেকিস্তানের একচ্ছত্র আধিপত্য; প্রথম ৪৫ মিনিটে প্রায় ৮০ শতাংশ সময় বল তাদের নিয়ন্ত্রণে ছিল এবং তারা বাংলাদেশের গোলপোস্টে মোট ১৫টি শট নেয় (যার ১০টি লক্ষ্যভ্রষ্ট হয়)। বিপরীতে প্রথমার্ধে স্বাগতিকদের গোলমুখে একটি শটও নিতে পারেনি বাংলাদেশ দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয় উজবেকিস্তান। ৪৬তম মিনিটে রক্ষণের ফাঁকফোকর গলিয়ে দুর্দান্ত হেডে দলের দ্বিতীয় গোলটি করেন আব্রায়েভ কুবোঞ্চবেক। ম্যাচের বাকি সময় প্রতি-আক্রমণে গিয়ে কিছু সুযোগ তৈরি করলেও গোলের ব্যবধান কমাতে ব্যর্থ হয় বাংলাদেশ।
উল্লেখ্য, এবারের বাছাইপর্বে ৪৪টি দেশকে দুটি ভিন্ন স্তরে ভাগ করা হয়েছে, যেখানে ১২টি দল খেলছে ডেভেলপমেন্ট বিভাগে এবং মূল পর্বের লড়াইয়ে অংশ নিচ্ছে ৩২টি দেশ। আগামী বছরের মার্চে চীনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের মূল পর্ব, যেখানে আটটি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাতটি রানার্সআপ দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে স্বাগতিক চীনের সঙ্গে।