বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইউএস ওপেনের ট্রফি হাতে নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো ১০ কোটির ঘর ছাড়ালো টেনিসের কোনো টুর্নামেন্টের প্রাইজমানি। ২০২৬ ইউএস ওপেনে মোট ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের অর্থ পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ২৫০ কোটি টাকা। গ্র্যান্ড স্লাম তো বটেই, টেনিস ইতিহাসেই এটি এক আসরের সর্বোচ্চ প্রাইজমানি।
সবচেয়ে বেশি প্রাইজমানির আগের রেকর্ডটি ছিল ইউএস ওপেনেরই। ২০২৫ আসরে দেওয়া হয়েছিল ৯ কোটি ডলারের প্রাইজমানি। গত বছরের তুলনায় এবার পুরস্কারের অর্থ বেড়েছে ২০ শতাংশ।
টেনিসের অন্য তিন গ্র্যান্ড স্লামের সর্বশেষ আসরের প্রাইজমানির সঙ্গে তুলনা করলেও ইউএস ওপেনের ব্যবধানটা চোখে পড়ার মতো। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ২০২৬ আসরে মোট প্রাইজমানি ছিল ১১ কোটি ১৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার।
ফরাসি ওপেন বা রোলাঁ গারোর প্রাইজমানি ছিল ৬ কোটি ১৭ লাখ ২৩ হাজার ইউরো। আর উইম্বলডনের সর্বশেষ আসরে মোট প্রাইজমানি ছিল ৬ কোটি ৪২ লাখ পাউন্ড। সব কটিই নিজ নিজ মুদ্রায় রেকর্ড হলেও মার্কিন ডলারে হিসাব করলে ইউএস ওপেনের নতুন ১০ কোটি ৮০ লাখ ডলারের প্রাইজমানি সবচেয়ে বড়।
এবারের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নদের দেওয়া হবে ৫৫ লাখ ডলার করে। গত বছরের চেয়ে যা ১০ শতাংশ বেশি। ২০২৫ সালে চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল ৫০ লাখ ডলার করে—সেটিও সে সময় টেনিস ইতিহাসের সর্বোচ্চ ছিল।
এবারের ইউএস ওপেনে প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়েরাও পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার, যা গত বছরের ১ লাখ ১০ হাজার ডলারের চেয়ে ৩০ হাজার ডলার বা প্রায় ২৭ শতাংশ বেশি।
প্রাইজমানির এই রেকর্ড বাড়ার পেছনে খেলোয়াড়দের চাপও ছিল। দীর্ঘদিন ধরে শীর্ষ তারকারা গ্র্যান্ড স্লামগুলোর আয়ের বড় অংশ প্রাইজমানি হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, প্রতিটি গ্র্যান্ড স্লামের আয়ের অন্তত ১৬ শতাংশ প্রাইজমানিতে দিতে হবে এবং ২০৩০ সালের মধ্যে সেই হার ২২ শতাংশে উন্নীত করতে হবে।
ইউএস ওপেন এবার সেই লক্ষ্যে পৌঁছেছে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। কারণ, ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) ২০২৫ সালের পূর্ণ আর্থিক হিসাব এখনো প্রকাশ করেনি। আগামী ৩০ আগস্ট এবারের ইউএস ওপেন শুরু হবে।