বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর এবার ধীরগতির ওভার রেটের কারণে বড় ধরনের জরিমানার মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া দল। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও হারানোর আশঙ্কা রয়েছে প্যাট কামিন্সের দলের।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের বদলে ৮৬ ওভার বোলিং করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ চার ওভার কম বল করেছে তারা।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করার কথা। নির্ধারিত ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
অস্ট্রেলিয়ার টেস্ট দলের একজন খেলোয়াড় ম্যাচ ফি হিসেবে প্রায় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পান। চার ওভার কম বোলিংয়ের কারণে প্রত্যেক খেলোয়াড়কে সর্বোচ্চ ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হতে পারে। পুরো দলের ক্ষেত্রে জরিমানার অঙ্ক দাঁড়াতে পারে ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা।
তবে জরিমানা হবে কি না সে সিদ্ধান্ত নেওয়ার সময় ম্যাচ রেফারি ম্যাচের বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করতে পারেন। বিশেষ করে ডারউইনের প্রচণ্ড গরম ও আর্দ্রতা এবং ম্যাচে উইকেট পতনের বিষয়গুলো বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে।
শুধু আর্থিক জরিমানাই নয় অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা যেতে পারে। ধীরগতির ওভার রেটের কারণে সর্বোচ্চ ৪ পয়েন্ট হারানোর আশঙ্কা রয়েছে তাদের।
বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয়ের হার নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ফলে পয়েন্ট হারালে তাদের অবস্থানেও প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল। তবে অস্ট্রেলিয়া মাত্র ৫৩ ওভারে অলআউট হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে শাস্তির নিয়ম কার্যকর হচ্ছে না।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল ৮০ ওভারের কম ব্যাট করে অলআউট হলে নির্ধারিত ওভার রেটের শাস্তি থেকে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সেই নিয়মই প্রযোজ্য হয়েছে।
ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার জন্য তাই নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্ভাব্য জরিমানা ও পয়েন্ট কাটার বিষয়টি। এর আগে ২০২০ সালে বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কাটা হয়েছিল। সেই ঘটনার প্রভাব পরবর্তী সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়েও পড়েছিল।