বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রুনো গিমারায়েস
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়ানোর চেষ্টা আরও জোরদার করেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের কাছে দেওয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর এবার আরও বেশি অর্থের নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় ফিরতে প্রস্তুতি নিচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গিমারায়েসকে দলে নিতে প্রায় ৭ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল আর্সেনাল। তবে নিউক্যাসল সেটি ফিরিয়ে দেয়। এরপর থেকেই নতুন ও উন্নত প্রস্তাব তৈরির কাজ করছে লন্ডনের ক্লাবটি।
ইংল্যান্ডের ফরোয়ার্ড মরগান রজার্সকে দলে নিতে চেলসির করা ১১ কোটি ৭০ লাখ পাউন্ডের ব্রিটিশ রেকর্ড প্রস্তাবের সঙ্গে প্রতিযোগিতায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আর্সেনাল তাদের মনোযোগ আরও বেশি দিয়েছে নিউক্যাসল অধিনায়ক গিমারায়েসের দিকে।
২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিউক্যাসলের হয়ে ৯টি গোল করার পাশাপাশি ৮টি গোলে সহায়তা করেন। মাঝমাঠে তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করে নিউক্যাসল।
২০২২ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে গিমারায়েসকে দলে ভেড়ায় নিউক্যাসল। এরপর থেকেই তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তাই গত মৌসুমে আলেকজান্ডার ইসাককে ঘিরে যে ধরনের দীর্ঘ দলবদল নাটক হয়েছিল, সেটির পুনরাবৃত্তি এড়াতে এবার শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছে ক্লাবটি।
গত বছর লিভারপুলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে নিউক্যাসলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইসাক। সেই পরিস্থিতি ক্লাবের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
নিউক্যাসলের সাবেক কোচ এডি হাও গত সপ্তাহে দায়িত্ব ছাড়ার আগে স্বীকার করেছিলেন, মৌসুমের বিরতিতে গিমারায়েসকে হারানোর আশঙ্কা তাকে উদ্বিগ্ন করে তুলেছিল।
বিশ্বকাপের শেষ ষোলোতে জুলাইয়ে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর ছুটি কাটিয়ে স্পেনে অনুষ্ঠিত নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে ইতোমধ্যে যোগ দিয়েছেন গিমারায়েস। তবে আগামী ২৩ আগস্ট লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে তিনি নিউক্যাসলের জার্সিতে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, ২১ আগস্ট এমিরেটস স্টেডিয়ামে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্সেনাল।
আর্সেনালের কোচ মিকেল আর্তেতা গিমারায়েসকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও দল শক্তিশালী করার বিষয়ে ক্লাবের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, নতুন খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে আর্সেনাল খুবই সক্রিয় এবং ক্লাবের পরিকল্পনা অত্যন্ত উচ্চাভিলাষী।
আর্তেতার ভাষায়, "দলের ভেতরে প্রতিযোগিতা আরও বাড়াতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে, যেসব জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, সেগুলো আমরা সঠিকভাবে চিহ্নিত করছি।"