বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টটেনহ্যাম হটস্পারের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত নন প্রধান কোচ রবার্তো ডি জার্বি। তাঁর ভাষ্য, রিচার্লিসন কখনো ক্লাবে থাকতে চান, আবার কখনো চলে যাওয়ার ইচ্ছার কথা জানান।
শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ১০ জনের টটেনহ্যাম চেলসিকে ২-১ গোলে হারায়। ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোল করে দলের জয় নিশ্চিত করেন ২৯ বছর বয়সী রিচার্লিসন। এর আগে গত সপ্তাহে অকল্যান্ড এফসির বিপক্ষে ২-০ ব্যবধানের জয়েও গোল করেছিলেন তিনি।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৭তম হয়ে অবনমন এড়ানোর পর দল শক্তিশালী করতে ব্যাপকভাবে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম। যদিও এখনো কোনো নতুন স্ট্রাইকার দলে যোগ করেনি ক্লাবটি। তবে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সাভিনিয়োসহ আরও কয়েকজনকে দলে নেওয়ার আগ্রহ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ডি জার্বি।
চেলসির বিপক্ষে ম্যাচ শেষে রিচার্লিসনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে ডি জার্বি বলেন, “আমি জানি না। খেলোয়াড় ও মানুষ হিসেবে তার মনোভাব অসাধারণ। তবে শেষ পর্যন্ত সে কী চায়, সেটিকে আমাদের সম্মান করতে হবে।”
তিনি বলেন, “আমার কাছে সে এখনো গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কারণ রিচার্লিসনের মতো স্ট্রাইকার সহজে পাওয়া যায় না। সে গোল করতে জানে এবং কীভাবে গোল করতে হয়, সেটাও বোঝে।”
রিচার্লিসন ক্লাব ছাড়বেন কি না—এমন প্রশ্নে ডি জার্বি বলেন, “আমি নিশ্চিত নই। কখনো সে বলে থাকবে, আবার কখনো চলে যাওয়ার কথা বলে। বিষয়টি নিয়ে আমাদের কথা বলতে হবে। তবে এতে কোনো সমস্যা নেই। সে দারুণ একজন মানুষ।”
কোচ আরও বলেন, “দলের সবাই তাকে ভালোবাসে—সতীর্থ, ক্লাব ও কোচিং স্টাফ। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এবং অত্যন্ত পেশাদার। তার বিরুদ্ধে বলার মতো কিছু নেই।”
রিচার্লিসনের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১২টি গোল করেন।