বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার বেঞ্জামিন মেন্দি নিজের বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল রেপ্লিকা নিলামে বিক্রি করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে তিনি রসিকতার সুরে বলেন, ট্রফিটি তাঁর আলমারিতে অনেক জায়গা দখল করে রেখেছিল।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোলডিন আয়োজিত ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু’-তে মেন্দির ব্যক্তিগত বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি ৬২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৭৫ লাখ ৬৪ হাজার টাকা।
নিলাম কর্তৃপক্ষ জানায়, ট্রফিটির নিচের অংশে ফাটল ও কিছু ক্ষয়ের চিহ্ন থাকায় সেটিকে ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে এর সত্যতা নিশ্চিত করতে ক্রেতাকে মেন্দির স্বাক্ষরিত একটি সার্টিফিকেট অব অথেন্টিসিটি দেওয়া হয়েছে।
নিলামের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার। জবাবে স্ন্যাপচ্যাটে তিনি লেখেন, “ওটা আমার ট্রফি, নাকি তোমাদের? এটা আমার ট্রফি, তাই আমি যা ইচ্ছা তা-ই করতে পারি।”
এরপর হাস্যরস করে তিনি বলেন, “আলমারিতে এটা অনেক জায়গা নিয়ে রেখেছিল।” পাশাপাশি ভবিষ্যতে আরও ট্রফি বিক্রির ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, “বিক্রি করার মতো আরও ট্রফি তো আছেই।”
মেন্দি ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন। ২০১৭ সালে ৫ কোটি ৮০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে সে সময় বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডারদের একজন হয়েছিলেন। ক্লাব ক্যারিয়ারে তিনি চারটি প্রিমিয়ার লিগসহ মোট আটটি শিরোপা জিতেছেন।
তবে ২০২১ সালে একাধিক ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁর ক্যারিয়ার বড় ধাক্কা খায়। প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর ২০২৩ সালের জুলাইয়ে আদালতে সব অভিযোগ থেকে খালাস পান। পরে ফ্রান্সের লরিয়ঁ ও সুইজারল্যান্ডের জুরিখে খেলার পর বর্তমানে তিনি পোল্যান্ডের ক্লাব পোগোন শেচিনে খেলছেন। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে।