বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এখনো শুরু হয়নি কিন্তু বাংলাদেশে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে উন্মাদনার ঢেউ। চায়ের আড্ডা, অফিসের গল্প কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম সব জায়গাতেই আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল বা ফ্রান্সকে ঘিরে চলছে তর্ক-বিতর্ক ও আবেগের প্রকাশ।
তবে এবারের বিশ্বকাপ উন্মাদনায় যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রিয় দলের রঙ, পতাকা বা জার্সিকে কেন্দ্র করে মানুষ এখন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছেন এআই-নির্মিত ছবির মাধ্যমে।
কয়েকটি সহজ ‘প্রম্পট’ লিখলেই তৈরি হচ্ছে চমকপ্রদ সব ছবি কেউ আর্জেন্টিনার পতাকার নকশায় শাড়ি পরে দাঁড়িয়ে আছেন, কেউ ব্রাজিলের সবুজ-হলুদ রঙে সেজেছেন আবার কেউ নিজের শহরের পরিচিত স্থানে দাঁড়িয়ে বিশ্বকাপের আবহ তৈরি করছেন। প্রযুক্তির এই ব্যবহার এখন শুধু বিনোদন নয় বরং সৃজনশীল প্রকাশের নতুন মাধ্যম হিসেবে জায়গা করে নিচ্ছে।

গণমাধ্যমকর্মী নাজু এআই ব্যবহার করে আর্জেন্টিনা সমর্থনের এক ভিন্ন উদাহরণ তৈরি করেছেন। আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিং শীর্ষে ওঠার খুশিতে তিনি আকাশি-সাদা রঙের শাড়িতে নিজের একটি এআই-নির্মিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং সহকর্মী ও বন্ধুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তিনি জানান, বাস্তবে এমন পোশাক তৈরি কঠিন হলেও এআই কয়েক মিনিটেই কল্পনাকে ছবিতে পরিণত করেছে, যা তাকে নতুনভাবে উচ্ছ্বসিত করেছে।
একইভাবে মাতৃত্ব ও ফুটবলপ্রেমকে এক ফ্রেমে এনেছেন আরিফা। তার ২৩ মাস বয়সী সন্তানের জন্য আর্জেন্টিনা থিমের পোশাক বাস্তবে তৈরি না হলেও এআই দিয়ে তিনি এমন ছবি তৈরি করেন যেখানে শিশুটিকে আকাশি-সাদা জার্সিতে দেখা যায়। পাশাপাশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের চিরচেনা মজার প্রতিদ্বন্দ্বিতাও তিনি ছবিতে তুলে ধরেন।
আরিফা বলেন, এটি বিদ্বেষ নয় বরং ফুটবল ঘিরে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দের প্রকাশ।
শুধু ব্যক্তিগত আবেগ নয়, পেশাগত জীবনের মধ্যেও ঢুকে পড়েছে এআই উন্মাদনা। শিক্ষিকা বিউটি এআই ব্যবহার করে নিজেকে ব্রাজিল সমর্থক হিসেবে সবুজ-হলুদ শাড়িতে ফুটবল গ্যালারিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপস্থাপন করেছেন। তার মতে, প্রযুক্তি এখন আবেগ প্রকাশের নতুন মাধ্যম হয়ে উঠেছে।
অন্যদিকে ছড়াকার জিয়ার দুটি ভালোবাসা সমুদ্র ও আর্জেন্টিনা একই ছবিতে ধরা দিয়েছে এআইয়ের মাধ্যমে। কক্সবাজার সৈকতের ঢেউ আর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি একসঙ্গে মিশে তৈরি করেছে কল্পনার এক অনন্য দৃশ্য।

চিকিৎসক বিউটি ব্যস্ততার ফাঁকে এআই দিয়ে নিজের ফুটবলপ্রেম প্রকাশ করেছেন। চিকিৎসকের কোটের নিচে আর্জেন্টিনা জার্সির নকশা এবং পেছনে বিশ্বকাপ ট্রফির প্রতীকী দৃশ্য সব মিলিয়ে তার আবেগকে নতুনভাবে তুলে ধরেছে প্রযুক্তি।
বিশেষজ্ঞদের মতে, জেনারেটিভ এআই সাধারণ মানুষের হাতে সৃজনশীলতার নতুন দরজা খুলে দিয়েছে। তবে এর ব্যবহারে সচেতন থাকা জরুরি যাতে কোনো ভুয়া তথ্য বা বিভ্রান্তি তৈরি না হয়।
সব মিলিয়ে বিশ্বকাপ এখন আর শুধু মাঠের খেলা নয়, বরং ডিজিটাল জগতে ব্যক্তিগত কল্পনা ও প্রযুক্তির মিশেলে নতুন এক উৎসবে পরিণত হচ্ছে। প্রিয় দলের রঙে নিজেকে সাজানোর এই নতুন প্রবণতা ফুটবল উন্মাদনায় যোগ করছে এক ভিন্ন মাত্রা।