বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রাখার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ৩-১ গোলের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে ফিরিয়ে নিয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। বিশেষ করে ঋতুপর্ণা চাকমার গতি ও সৃজনশীল খেলায় ভারতীয় রক্ষণভাগ বেশ চাপের মুখে পড়ে। ১৪ মিনিটে তহুরা খাতুন গোলের দারুণ সুযোগ পেলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। পরে ঋতুপর্ণার একটি কর্নার থেকেও প্রায় গোল পেয়ে যাচ্ছিল বাংলাদেশ।
তবে ম্যাচের ৪২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় ভারত। পিয়ারি সাসার শট বাংলাদেশের ডিফেন্ডার সুরভীর পায়ে লেগে দিক পরিবর্তন করলে গোলরক্ষক মিলি আক্তারকে পরাস্ত করে বল জালে জড়ায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তহুরা খাতুনের পাস থেকে বক্সে ঢুকে নিখুঁত শটে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা।
১-১ সমতায় বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যায় ভারত। ৪৬ মিনিটে পিয়ারি সাসার ক্রস থেকে সানফিদা হেডে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় ভারত।
গোয়ার আর্দ্র আবহাওয়ায় বাংলাদেশের খেলোয়াড়দের ক্লান্ত দেখাতে শুরু করে। এই সুযোগে ভারত একের পর এক আক্রমণ চালায়। কোচ পিটার বাটলার পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি।
ম্যাচের ৮২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লিন্ডা কম তৃতীয় গোলটি করেন। এতে ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
বাকি সময়ে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা উদযাপনে মেতে ওঠে ভারত। অন্যদিকে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের।