বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সবচেয়ে বড় লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ক্লাবগুলোর বয়কট এবং অনিশ্চয়তার কারণে কিছুদিন আগে পর্যন্ত লিগ আয়োজন নিয়ে ছিল বড় ধরনের শঙ্কা। তবে নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর দ্রুত অগ্রগতিতে ফিরেছে পুরো প্রক্রিয়া।
দলবদল শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর এবার লিগ শুরুর দিনক্ষণ এবং বিসিবির বিস্তারিত পরিকল্পনা প্রকাশ পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৪ মে থেকে মাঠে গড়ানোর কথা আগেই জানিয়েছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান রফিকুল ইসলাম বাবু। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেই তারিখেই শুরু হচ্ছে এবারের ডিপিএল। টুর্নামেন্ট চলবে ৩৯ দিনব্যাপী এবং শেষ হবে ১১ জুন। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিবি।
এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও আশেপাশের মোট ছয়টি ভেন্যুতে। বিকেএসপি এবং পিকেএসপির পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি এবং ইউ ল্যাব ক্রিকেট গ্রাউন্ড।
এবারের মৌসুমে এসেছে ফরম্যাটে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবার টুর্নামেন্টটি শুধুমাত্র সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে কোনো সুপার লিগ পর্ব থাকছে না। তবে প্রথম বিভাগে অবনমন নির্ধারণের জন্য রেলিগেশন লিগ আগের নিয়ম অনুযায়ীই চালু থাকবে।
এই নতুন কাঠামোতে প্রতিটি দল নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী একবার করে মুখোমুখি হবে। সুপার লিগ পর্ব বাদ দেওয়ায় লিগ পর্বের গুরুত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে এবারের মৌসুমে মোট ৬৯টি ম্যাচ মাঠে গড়াবে। এর মধ্যে লিগ পর্বে থাকবে ৬৬টি ম্যাচ এবং রেলিগেশন লিগে হবে আরও তিনটি ম্যাচ।
এবারের আসরে ক্লাবগুলোর সুযোগ-সুবিধা এবং ক্রিকেটারদের নিরাপত্তার নিয়ে থাকবে ব্যবস্থা। বিসিবির পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হবে। এছাড়া বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রতিটি মাঠে অ্যাম্বুলেন্সসহ একটি মেডিকেল টিম রাখার চেষ্টার প্রতিশ্রুতি রয়েছে।
দলবদল শেষের পর ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন কয়েকটি দলের ক্রিকেটাররা। এবারের ঢাকা লিগে অংশ নিবে মোট ১২টি দল। তারা হচ্ছে– আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।