বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবার অনিশ্চয়তার মুখে। জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারের প্রধান আয়ের উৎস এই লিগ, আর যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেন না, তারা বছরের বড় অংশে ডিপিএলের ওপরই নির্ভর করেন। তবে চলতি মৌসুমে লিগ না হওয়ার সম্ভাবনা তাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। এই অনিশ্চয়তার মূল কারণ প্রশাসনিক অচলাবস্থা।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে ঢাকার বেশিরভাগ ক্লাব বর্তমান বোর্ডের অধীনে লিগে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ডিপিএলসহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন নিয়েও সংশয় তৈরি হয়েছে। বিসিবি বিকল্প আয়োজনের চেষ্টা করলেও তা এখনও কার্যকর সমাধান হিসেবে সামনে আসতে পারেনি।
এ অবস্থায় ক্রিকেটকে বিরোধের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি, যে যাই হোক, যেই বিবাদই থাকুক, খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা খেলা উচিত খেলার মতো আর অন্যান্য বিবাদ থাকলে আপনি এটা সমাধান করেন। সেটা হচ্ছে এটা আমার একদম ব্যক্তিগত মতামত যে খেলার সঙ্গে অন্য কিছুকে জড়াবেন না।
লিগ আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, অনুরোধ থাকবে ক্লাবগুলো আছে তাদের কাছে, এটা খেলোয়াড়দের আয়ের উৎস। আমরা তো শুধু বিপিএলে যে কয়জন খেলছে সেটার জন্য না, যে খেলোয়াড়রা শুধু লিগে খেলছে, তাদের আয়ের মাধ্যম এটা। প্রিমিয়ার লিগটা হয়ে যাওয়া উচিত।
আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় দেশের ক্রিকেটাররা বর্তমানে ফিটনেস ক্যাম্পে সময় দিচ্ছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে এই ক্যাম্প চলমান রয়েছে। সাম্প্রতিক বিপিএলের বেশিরভাগ ম্যাচ সিলেটে আয়োজন করা হলেও গুরুত্বপূর্ণ শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন। এ বিষয়ে ইফতেখার রহমান মিঠু বলেন, আমাদের প্রেসিডেন্টের ইচ্ছে, ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিক থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। এই জন্যই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে করা হয়েছে প্রথমবারের মত। নারী বিপিএলও কিন্তু ঢাকার বাইরে উদ্বোধন হচ্ছে। এসব পদক্ষেপের মানেই হচ্ছে আমরা ঢাকা থেকে ক্রিকেটকে বাইরে ছড়িয়ে দিতে চাই।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকার বাইরে ম্যাচ হলে সেসব ভেন্যুতেও নির্বাচকদের পাঠানো হবে, যাতে নতুন প্রতিভা খুঁজে বের করা সম্ভব হয়।
এদিকে, নির্বাচক প্যানেলেও এসেছে পরিবর্তন। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব ছেড়েছেন। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার সুমন। পাশাপাশি সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন নাদিফ চৌধুরী ও মোহাম্মদ নাঈম। আগের মতো দায়িত্ব পালন করছেন হাসিবুল হোসেন শান্ত।