বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মোহাম্মদ আমির, আহমেদ শেহজাদ ও ফাফ ডু প্লেসি-ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। এবার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও সমীকরণ বেশ কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সালমান আগার দলকে—আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানে জয় আর পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যেই লক্ষ্য ছুঁতে হবে। এমন ‘বাঁচা-মরার’ ম্যাচের আগে দলগঠন নিয়ে মত দিয়েছেন সাবেক তারকারা।
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও ব্যাটার আহমেদ শেহজাদ এক জায়গায় একমত বাবর আজমকে বাইরে রেখে খাজা নাফেকে দলে নেওয়া উচিত। ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে তারা পাকিস্তানের সম্ভাব্য কম্বিনেশন নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি ফখর জামানকে উপরের দিকে ব্যাটিং করানোর পরামর্শ দিয়েছেন।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাধিক পরিবর্তনের পক্ষে আমির। তার প্রস্তাবিত একাদশে টপঅর্ডারে থাকবেন শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা ও খাজা নাফে।
উইকেটরক্ষক ব্যাটার হিসেবে উসমান খান অপরিহার্য বলে মত তার। এরপর শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। সাইম আইয়ুবকে না খেলালে আবরার আহমেদকে সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। পেস আক্রমণে রাখতে চান শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে।
তবে আমিরের পুরো প্রস্তাবের সঙ্গে একমত নন শেহজাদ। তার মতে, বিশেষজ্ঞ ক্রিকেটারদেরই খেলানো উচিত এবং অযথা ভারসাম্য নষ্ট করা ঠিক হবে না।
তিনি বলেন, হাতে থাকা তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে ব্যাটিং ও বোলিং বিভাগ সাজানো প্রয়োজন। শাদাবের বদলে আবরার এবং বাবরের পরিবর্তে নাফেকে খেলালে দলীয় ভারসাম্য ভালো থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গক্রমে তিনি কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটার ডন ব্র্যাডম্যান-এর উদাহরণ টেনে বলেন, বেঞ্চে অতিমানবীয় কোনো বিকল্প নেই—ছোট কিন্তু কার্যকর সমন্বয়ই দরকার।
এবারের বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ পাননি নাসিম শাহ। শ্রীলঙ্কার কন্ডিশনের কারণে দলে স্পিনারদের আধিক্য ছিল। উসমান তারিক পারফরম্যান্সে নজর কাড়লেও ওপেনার সাইম আইয়ুব ব্যাট হাতে ধারাবাহিক নন যদিও বল হাতে কিছুটা প্রভাব ফেলেছেন।
অন্যদিকে চলতি আসরে মাত্র একটি ম্যাচ খেলেছেন ফখর জামান। ইংল্যান্ডের বিপক্ষে তাকে পাঁচ নম্বরে নামানো হয়েছিল। ডু প্লেসির মতে, ফখরকে তিন বা চার নম্বরে খেলানো হলে দল উপকৃত হবে। অতীতে ওই পজিশনে তার সফলতার নজির রয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি।
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পাকিস্তানকে ৬৪ রানে জিততে হবে অথবা ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করতে হবে। তাই চাপমুক্ত থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে দল সাজানোর পরামর্শ ডু প্লেসির।
তার ভাষায়, আগে ঠিক করতে হবে—দল কি বড় ব্যবধানে জয়ের পথে হাঁটবে, নাকি দ্রুত রান তাড়া করবে? সেই পরিকল্পনা মাথায় রেখেই একাদশ নির্ধারণ করা উচিত।