বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে হামজা চৌধুরীর দল। অন্যদিকে বাংলাদেশের বড় জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। গোল ব্যবধানে এগিয়ে থেকে মাত্র ১ পয়েন্ট নিয়েই শেষ চারে উঠেছে ভুটান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি শ্রীলঙ্কা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রেখে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচের অষ্টম মিনিটে শমিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো বল লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে ফিরতি বলে জাল খুঁজে নেন শমিত।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি।
বিরতির পর বাংলাদেশের তৃতীয় গোলটি আসে তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের পা থেকে। ৫৩ মিনিটে একক নৈপুণ্যে শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন বোরহামউড এফসির এই তরুণ ফুটবলার। তার অসাধারণ গোলে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ফারহানের নৈপুণ্যে মুগ্ধ হয়ে মাঠেই তাকে বুকে জড়িয়ে অভিনন্দন জানান অধিনায়ক হামজা। ম্যাচের আগে শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরিও ফারহানের প্রতিভার প্রশংসা করেছিলেন। আগামী এক দশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি।
তিন গোলে এগিয়ে যাওয়ার পর দলের অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে একাধিক পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। মাঠে নামানো হয় শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়াকে।
ম্যাচের ৮৭ মিনিটে রাকিব হোসেনের গোলে ৪-০ ব্যবধান নিশ্চিত হয়। লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে বল জালে পাঠান তিনি। এর মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলের হয়ে গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড।

গ্রুপ পর্বে দুই ম্যাচে দুই জয়, প্রতিপক্ষের জালে চার গোল এবং নিজেদের জাল অক্ষত রাখার আত্মবিশ্বাস নিয়ে এবার শেষ চারের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে হামজা চৌধুরীর দল। একই দিন প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে ভুটান।