বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে জেতানো এই নির্ভরযোগ্য স্টপারব্যাক সবশেষ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে খেলতে পারেননি। তবে সাফের ক্যাম্পে ফিরে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তারকা ফুটবলার হামজা চৌধুরীকে ছাড়াও ম্যাচ জেতার মানসিকতা বাংলাদেশ দলের রয়েছে।
সোমবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে দীর্ঘ দিন পর সাফের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজমের দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন ফুটবলাররা। এবারের সাফে নেপাল নেই এবং ভারত অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিলেও, নিজেদের মাটিতে দীর্ঘ ২৩ বছরের শিরোপাখরা কাটানোর মিশনকে যথেষ্ট চ্যালেঞ্জিং বলেই মনে করছেন তপুরা। ইংল্যান্ডের ক্লাব ম্যাচ শেষ করে আসার কারণে উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারবেন না হামজা চৌধুরী। এ প্রসঙ্গে তপু স্পষ্ট করে বলেন, হামজার অনুপস্থিতি দল অবশ্যই অনুভব করবে, তবে তাঁর অনুপস্থিতিতে গুটিয়ে না গিয়ে জয়ের দৃঢ় সংকল্প নিয়েই মাঠে নামতে হবে।
আসিয়ান কাপে দুর্বল রক্ষণের ক্ষতি পুষিয়ে নিতে দলগতভাবে রক্ষণ সামলানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এই ডিফেন্ডার। তিনি উল্লেখ করেন, শুধু ডিফেন্ডার বা গোলরক্ষক নয়, আন্তর্জাতিক ফুটবলে পুরো দলকেই রক্ষণের দায়িত্ব নিতে হয়। সমন্বিত দলগত প্রচেষ্টা নিশ্চিত করা গেলে অতিরিক্ত গোল হজমের ঝুঁকি কমে যাবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি জাতীয় দলের যেকোনো শৃঙ্খলাভঙ্গের সমালোচনা করে ক্যাম্পে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এদিকে জাতীয় দলের দীর্ঘদিনের দুর্বলতা দূর করতে স্ট্রাইকার পজিশনে রোনান সুলিভানের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে ১৮ বছর বয়সী প্রবাসী ফরোয়ার্ড মাহি খানকে। প্রধান কোচ থমাস ঢুলির অধীনে সিনিয়র দলে প্রথমবার ডাক পেয়ে উচ্ছ্বসিত মাহি জানান, কঠোর পরিশ্রমের মাধ্যমে কোচের নির্দেশনা অনুযায়ী তিনি দেশের জার্সিতে সেরাটা দিতে এবং গোল করতে প্রস্তুত রয়েছেন।