বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিয়মিত তারকাদের ছাড়া খেলতে আসা শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে বাজে বোলিং ও নজিরবিহীন ব্যাটিং বিপর্যয়ে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম কোনো পদক ছাড়াই শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে পুরুষ ক্রিকেট দলকে। নারী দলও আগেই বাদ পড়ায় আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র অর্জন হিসেবে রইল কেবল উশুর ব্রোঞ্জ পদক।
শনিবার (৩ অক্টোবর) সকালে জাপানের নিশিনে অনুষ্ঠিত ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ২১ রানে ৪ উইকেট হারায় খর্বশক্তির লঙ্কানরা। কিন্তু ১৪তম ওভারে এসে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া করেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ওয়াইড ও নো-বলের ছড়াছড়িতে ১১ বলের ওই এক ওভারেই ২৫ রান বিলিয়ে দেন তিনি।
১৪ থেকে ১৮—এই পাঁচ ওভারে ৮৩ রান তুলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের শক্ত পুঁজি গড়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে রত্নায়েকে খেলেন সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস। মোস্তাফিজ ৩ ওভারে ৪৩ রান দিয়ে পান ২ উইকেট এবং লেগ স্পিনার রিশাদ হোসেন ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ১ উইকেট। তবে একাদশে সুযোগ পেয়ে রহস্য স্পিনার আলিস ইসলাম ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে কিছুটা আঁটসাঁট বোলিং করেন।
১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে চরম লজ্জাজনক সূচনার মুখোমুখি হয় বাংলাদেশ। দলের শীর্ষ তিন ব্যাটার—সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস—তিনজনেই শূন্য রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক লিটনের জন্য এটি ছিল শেষ পাঁচ আন্তর্জাতিক ইনিংসে চতুর্থ ‘ডাক’।
শুরুর ধাক্কা সামলে আর কোনো ব্যাটারই ৩০ রানের কোটা পার করতে পারেননি। লোয়ার অর্ডারে স্পিনার নাসুম আহমেদের ২৬ এবং ইয়াসির আলীর ২১ রানের সুবাদে ১৫ বল বাকি থাকতেই মাত্র ১০২ রানে গুঁটিয়ে যায় লাল-সবুজের পূর্ণশক্তির একাদশ। শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুশারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান ২টি করে উইকেট শিকার করেন।