বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৩৯-৩৫ পয়েন্টের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পাওয়া এ জয়ে লাল-সবুজের প্রতিনিধিদের পদক পুনরুদ্ধারের স্বপ্ন উজ্জ্বল হয়েছে।
ম্যাচে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথমার্ধের খেলা শেষে বাংলাদেশ ১৭-১৬ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট যোগ করে, বিপরীতে কোরিয়া সংগ্রহ করতে পারে ১৯ পয়েন্ট। শেষ পর্যন্ত ৩৯-৩৫ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান কোচ আব্দুল জলিল দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা কোরিয়ার দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশেষভাবে মার্ক করে খেলার কৌশল সাজিয়েছিলাম। দলের খেলোয়াড়েরা পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে বলেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরও ম্যাচটি আমাদের পক্ষে এসেছে।"
আজ সোমবার বিকেলেই চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। পদক সম্ভাবনার কথা জানিয়ে কোচ বলেন, "চাইনিজ তাইপেকে হারাতে পারলে আমরা পদক নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে যাব। আমাদের সেমিফাইনাল ও পদক ভাগ্য অনেকটাই তাইপে ম্যাচের ওপর নির্ভর করছে। একই দিনে দুটি ম্যাচ খেললেও এটি কোনো অজুহাত হবে না। কোরিয়াকে হারিয়ে ছেলেরা ফুরফুরে মেজাজে আছে এবং দলে কোনো চোটের সমস্যা নেই।"
উল্লেখ্য, পুরুষ কাবাডির ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে এবং স্বাগতিক জাপান। নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে উঠবে এবং অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে। এই গ্রুপে ফেভারিট হিসেবে ভারতের শীর্ষস্থান প্রত্যাশিত হওয়ায় চাইনিজ তাইপেকে হারাতে পারলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করার জোরালো সুযোগ তৈরি হবে বাংলাদেশের।