বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাপানের নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসের একটি আনুষ্ঠানিক স্বাগত আয়োজনে কোরিয়া আক্রমণকারী ষোড়শ শতাব্দীর কুখ্যাত জাপানি সামন্ত ও সমরনায়কের চরিত্র ফুটিয়ে তোলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটি।
গত মঙ্গলবার নাগোয়া বন্দরে পৌঁছায় ‘কোস্টা সেরেনা’ নামের একটি বিলাসবহুল প্রমোদতরী, যা এবারের এশিয়ান গেমসে হাজার হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য ভাসমান আবাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। জাহাজটির বরণ অনুষ্ঠানে আঞ্চলিক সংস্কৃতির অংশ হিসেবে আইচি অঞ্চলে জন্ম নেওয়া ঐতিহাসিক তিন সামন্ত প্রভুর সাজে শিল্পীরা অংশ নেন, যার মধ্যে তোয়োতোমি হিদেয়োশি অন্যতম।
ঐতিহাসিকভাবে দক্ষিণ কোরিয়ায় তোয়োতোমি হিদেয়োশি অত্যন্ত বিতর্কিত ও অপ্রিয় চরিত্র। ১৫৯২ থেকে ১৫৯৮ সাল পর্যন্ত কোরিয়া উপদ্বীপে রক্তক্ষয়ী সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যার ফলে কোরিয়ায় ব্যাপক প্রাণহানি ও সাংস্কৃতিক লুটপাট ঘটেছিল। পরবর্তীতে ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরিয়া জাপানি উপনিবেশের অধীনে থাকার কারণে দেশ দুটির মধ্যে ঐতিহাসিক ক্ষত এখনো অত্যন্ত সংবেদনশীল বিষয়।
ঘটনার পরপরই তীব্র প্রতিবাদ জানিয়ে নাগোয়া এশিয়ান গেমস স্থানীয় আয়োজক কমিটি এবং এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) কাছে চিঠি পাঠিয়েছেন কোরিয়ান স্পোর্ট অ্যান্ড অলিম্পিক কমিটির (কেএসওসি) সভাপতি রিউ সেউং-মিন। চিঠিতে গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
কেএসওসির এক মুখপাত্র শুক্রবার বার্তাসংস্থা এএফপিকে বলেন, "আজ সকাল পর্যন্ত আমরা আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাইনি।"
জাপানের ঔপনিবেশিক শাসনের ইতিহাস নিয়ে সিউল ও টোকিওর কূটনৈতিক সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন বিদ্যমান। দক্ষিণ কোরিয়ার সরকারি তথ্যমতে, ওই সময়ে প্রায় ৭ লাখ ৮০ হাজার কোরিয়ানকে জোরপূর্বক শ্রমে বাধ্য করেছিল জাপান, যার মধ্যে সামরিক বাহিনী কর্তৃক যৌন দাসত্বে বাধ্য করা নারীদের হিসাব অন্তর্ভুক্ত নেই।