বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টড বোয়েলি এবং মার্ক ওয়াল্টার
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব চেলসির শেয়ার বিক্রি করে দিয়েছেন ক্লাবটির চেয়ারম্যান টড বোয়েলি এবং পরিচালক মার্ক ওয়াল্টার। ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ অংশীদার ক্লিয়ারলেক ক্যাপিটাল তাঁদের এই শেয়ার কিনে নেওয়ায় পশ্চিম লন্ডনের ক্লাবটির একক পূর্ণ নিয়ন্ত্রণ এখন মার্কিন প্রাইভেট ইকুইটি ফার্মটির হাতে, বুধবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চেলসি।
২০২২ সালের মে মাসে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের কাছ থেকে আড়াই বিলিয়ন পাউন্ডে (৩.৩ বিলিয়ন ডলার) চেলসি অধিগ্রহণ করতে ক্লিয়ারলেক ক্যাপিটালের সঙ্গে যৌথ কনসোর্টিয়াম গঠন করেছিলেন দুই মার্কিন বিলিয়নিয়ার বোয়েলি ও ওয়াল্টার।
ক্লাবের বিবৃতিতে বলা হয়, "চেলসি ফুটবল ক্লাব আজ ঘোষণা করছে যে, ক্লিয়ারলেক ক্যাপিটাল গ্রুপ এলপির সহযোগী প্রতিষ্ঠানগুলো টড বোয়েলির মালিকানা অংশ অধিগ্রহণ করবে। এই রূপান্তরের অংশ হিসেবে মার্ক ওয়াল্টারের শেয়ারও ক্লিয়ারলেক অধিগ্রহণ করবে এবং এর ফলে ক্লাবটির পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ক্লিয়ারলেকের হাতে।"
এই চুক্তির আগে চেলসির ৬২ শতাংশ শেয়ার ছিল ক্লিয়ারলেকের হাতে। বাকি ৩৮ শতাংশ শেয়ারের অংশীদার ছিলেন বোয়েলি, ওয়াল্টার ও সুইস ধনকুবের হান্সহজর্গ ভাইস। ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, ভাইস মালিকানা কনসোর্টিয়ামে গুরুত্বপূর্ণ অংশীদার ও পার্টনার হিসেবে যথারীতি বহাল থাকছেন।
চুক্তির আর্থিক শর্তাবলি আনুষ্ঠানিকভাবে গোপন রাখা হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ঋণসহ ক্লাবটির মোট বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫ বিলিয়ন পাউন্ড। এই বিক্রির মাধ্যমে বোয়েলি ও ওয়াল্টার নগদ ৯৫০ মিলিয়ন পাউন্ড পেতে যাচ্ছেন।
বিদায়ী বার্তায় টড বোয়েলি বলেন, "চেলসি ফুটবল ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অত্যন্ত সম্মানের ছিল। ক্লাবের বর্তমান ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য নেওয়া সমন্বিত সিদ্ধান্ত, বিনিয়োগ এবং ক্লিয়ারলেকের সঙ্গে অংশীদারত্বকে আমি সবসময় গুরুত্ব দিয়েছি। আমি বিশ্বাস করি, ক্লিয়ারলেকের নেতৃত্বে চেলসি ধারাবাহিক সাফল্যের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।"
গত প্রিমিয়ার লিগ মৌসুমে চেলসি পয়েন্ট টেবিলের দশম স্থানে থেকে মৌসুম শেষ করে এবং পরবর্তীতে জাবি আলোনসোকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। খেলোয়াড় কেনাবেচা, কোচ নির্বাচন এবং স্ট্যামফোর্ড ব্রিজের নতুন স্টেডিয়াম নির্মাণ পরিকল্পনা নিয়ে গত দুই বছর ধরে বোয়েলি ও ক্লিয়ারলেকের অন্যতম কর্ণধার বেহদাদ এগবালির মধ্যকার মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে উভয় পক্ষই একে অপরকে কিনে নেওয়ার একাধিক উদ্যোগ নিয়েছিল।
উল্লেখ্য, মার্কিন বেসবল ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস ডজার্সের যৌথ মালিকানায় বোয়েলি ও ওয়াল্টার এখনও একসঙ্গে রয়েছেন। এর আগে বাস্কেটবল ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস লেকার্সের মালিকানা ১২.৫ বিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন ওয়াল্টার।
ক্লিয়ারলেক ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা বেহদাদ এগবালি ও হোসে ই. ফেলিসিয়ানো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য বোয়েলিকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেছেন, ক্লাবের দৈনন্দিন পরিচালনা, শীর্ষ নেতৃত্ব কিংবা কৌশলগত কার্যক্রমে কোনো তাৎক্ষণিক পরিবর্তনের সম্ভাবনা নেই।