বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফুটবলের তহবিল আত্মসাৎ, অর্থ পাচার ও নজিরবিহীন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতিকে আজীবনের জন্য ফুটবল থেকে বহিষ্কার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফার স্বাধীন বিচারিক কমিটি জানায়, গুরুতর আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিলকে সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মালদ্বীপের সাবেক সভাপতি জালিলের বিরুদ্ধে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় বিশ্বব্যাপী ফুটবল টিকিয়ে রাখতে দেওয়া ‘ফিফা কোভিড-১৯ রিলিফ ফান্ড’-এর অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের প্রমাণ মেলে। সদস্য দেশগুলোর জন্য বরাদ্দ করা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের ত্রাণ তহবিল আত্মসাৎ করে তিনি ব্যক্তিগত ফ্ল্যাট ক্রয় করেন, যার পরিপ্রেক্ষিতে মালদ্বীপের আদালতে ইতিমধ্যে তাঁর ২৩ বছরের কারাদণ্ড হয়েছে। দুই বছর আগে সাময়িক বরখাস্ত থাকা জালিলকে এবার স্থায়ীভাবে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জালিয়াতির নথি তৈরি, তদন্তে অসহযোগিতা ও তহবিল তছরুপে সহায়তা করায় মালদ্বীপের সাবেক অর্থ পরিচালক মোহাম্মদ আগিলকে ১০ বছরের নিষেধাজ্ঞা এবং ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।
অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপ মন্টসেরাটের ভিনসেন্ট ক্যাসেলের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত রাখা, তহবিল লোপাট এবং কর্মীদের মানসিক ও শারীরিক অবমাননার অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০১১ সালে ফিফা সভাপতি নির্বাচনে মোহাম্মদ বিন হাম্মামের নির্বাচনী প্রচারণায় ক্যারিবীয় কর্তাদের নগদ ৪০ হাজার ডলার ঘুষ কেলেঙ্কারিতে শাস্তি পেলেও পদ ছাড়েননি ক্যাসেল। চলতি বছরের এপ্রিলে কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়া ক্যাসেল ও তাঁর সাধারণ সম্পাদক ট্যান্ডিকা হিউজ ফিফার বাণিজ্যিক তহবিলের লাখ লাখ ডলারের ওপর প্রভাব ধরে রেখেছিলেন, যার কারণে গত ফেব্রুয়ারিতে সেখানে জরুরি ব্যবস্থাপনা কমিটি বসাতে বাধ্য হয় ফিফা। ক্যাসেলকে আজীবন নিষেধাজ্ঞা ও ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানার পাশাপাশি তাঁর সহযোগী হিউজকে ১৫ বছরের নিষেধাজ্ঞা ও দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ২০১৬ সালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নির্বাচিত হওয়ার বছরেই দায়িত্বে আসা এই দুই কর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিশ্ব ফুটবলে আর্থিক স্বচ্ছতার কঠোর বার্তা দিল ফিফা।