বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আসন্ন অক্টোবর ও নভেম্বর জুড়ে ঘরের মাঠে ব্যস্ত আন্তর্জাতিক সূচির মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের পাশাপাশি মাঝে একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান, যেখানে তৃতীয় দল হিসেবে অংশ নেবে ইংল্যান্ড।
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের আসন্ন হোম মৌসুম। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১১ ও ১৩ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পাঁচ দিন পর একই মাঠে মাঠে গড়াবে তিন জাতির ওয়ানডে টুর্নামেন্ট। ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ৩১ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অংশে রাওয়ালপিন্ডিতে ২০ ও ২২ অক্টোবর ইংল্যান্ড লড়বে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে; এরপর টুর্নামেন্টের বাকি চারটি ম্যাচ এবং ফাইনাল খেলতে দলগুলো চলে যাবে লাহোরে।
টানা দ্বিতীয় বছরের মতো ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে আয়োজন করছে পিসিবি; এর আগে গত বছর চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে একই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছিল তারা।
ত্রিদেশীয় লড়াই শেষে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম টেস্টটি রাওয়ালপিন্ডিতে ৯ থেকে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। লাল বলের লড়াইয়ের আগে ইসলামাবাদে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।
বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ঘরের মাঠে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ। এর আগে গত বছরের অক্টোবরে একই ভেন্যুতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা। ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তান বর্তমানে অষ্টম স্থানে রয়েছে এবং এই চক্রে তাদের শেষ সিরিজটি হবে আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।
অন্যদিকে এই ত্রিদেশীয় সিরিজটি দিয়ে ইংল্যান্ড শুরু করবে তাদের ব্যস্ত ২০২৬-২৭ শীতকালীন ক্রিকেট মৌসুম। পাকিস্তান সফর শেষ করেই তারা যাবে অস্ট্রেলিয়া সফরে, যেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তারা। সেখান থেকে ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল এবং সবশেষে মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১৫০তম বার্ষিকী টেস্ট খেলতে আবারও অস্ট্রেলিয়া যাবে তারা।