বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফারহান আলী ওয়াহিদ
ইংলিশ ক্লাব বোরহাম উডের একাদশে প্রথমবার সুযোগ পেয়েই নজরকাড়া পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। লিডস ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে দলের ৫-২ গোলের বড় জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে চলতি মাসের শুরুতে ধারে পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দেন ১৯ বছর বয়সী এই লেফট উইঙ্গার। মঙ্গলবার রাতে ঘরের মাঠ মিডোপার্কে ন্যাশনাল লিগের গ্রুপ পর্বের ম্যাচে লিডস অনূর্ধ্ব-২১ দলের মুখোমুখি হয় বোরহাম উড।
ম্যাচের ৪১ মিনিটে ডি-বক্সের ভেতর দারুণ ফিনিশিংয়ে বোরহাম উডের জার্সিতে নিজের অভিষেক গোলটি করেন ফারহান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে চমৎকার বোঝাপড়ায় সতীর্থ তারান আল্লারাখিয়াকে দিয়ে আরেকটি গোল করিয়ে দলের ব্যবধান বাড়ান তিনি।
ম্যাচের ৮২ মিনিটে ফারহানের একক নৈপুণ্যের এক চোখধাঁধানো দৃশ্য দেখা যায়। মাঝমাঠ থেকে বল নিয়ে একাই দ্রুতগতিতে ড্রিবলিং করে এগিয়ে যান তিনি এবং অসাধারণ পায়ের জাদুতে লিডসের এক ডিফেন্ডারকে পরাস্ত করে জোরালো শট নেন। যদিও লিডস গোলরক্ষক কুক দুর্দান্ত দক্ষতায় সেই শটটি ফিরিয়ে দিলে নিশ্চিত আরেকটি গোল থেকে বঞ্চিত হন এই তরুণ।
বোরহাম উডের অফিশিয়াল ওয়েবসাইটে ম্যাচ প্রতিবেদনে ফারহানের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে উল্লেখ করা হয়, মাঠে নামার পর থেকেই বল পায়ে সাবলীল দৌড়, নিখুঁত পাস এবং দ্রুত বল পুনর্দখলের মাধ্যমে দলের আক্রমণভাগকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন ফারহান।
ইংল্যান্ডে বেড়ে ওঠা ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহ্যাম একাডেমিতে যোগ দেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে নজর কাড়ার পর অনূর্ধ্ব-২১ দলের অভিষেকেও গোল করেছিলেন। ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করা ফারহান গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এ ২১ ম্যাচে ৬টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন। ২০২৬-২৭ মৌসুমের বাকি সময়টুকু ধারে এই ক্লাবেই খেলবেন তিনি।