বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গত জুলাই মাসে ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গঠিত বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি আগামী ৯০ দিন বা তিন মাসের মধ্যেই তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। অন্যান্য কোনো ক্রীড়া ফেডারেশন এখনো নির্বাচনের নির্দিষ্ট কোনো সময়সূচি ঘোষণা না করলেও, হকি ফেডারেশনের নতুন নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই ৯০ দিনের সময়সীমার মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনকে তাদের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে।
গতকাল সোমবার বিমানবাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত নতুন অ্যাডহক কমিটির প্রথম নির্বাহী সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক জানান, দায়িত্ব নেওয়ার ২৫ দিন ইতিমধ্যেই পার হয়েছে এবং বাকি সময়ের মধ্যে নির্বাচন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় দুই কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ হকির একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (FIH) সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে সভাপতির সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে জানানো হয়, আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশকে নতুন হকি টার্ম ও নানামুখী প্রশিক্ষণ সুবিধা প্রদানে আশ্বাস দিয়েছে। এছাড়া, আগামী দিনে ৬ জাতির একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনসহ দেশের জেলা ও বিভাগীয় অঞ্চলগুলোতে ফাইভ-এ-সাইড হকির টার্ফ স্থাপনে ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় কাজ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য সভায় এক ডজন (১২টি) সাব-কমিটি গঠন করা হয়। আগামী সেপ্টেম্বর মাসেই প্রথম বিভাগ হকি লিগ আয়োজনের লক্ষ্যে লিগ কমিটি গঠিত হয়েছে।
আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে পুরুষ ও নারী হকি দলের জন্য অফিশিয়ালদের নাম চূড়ান্ত করা হয়েছে। এশিয়ান গেমসে দলনেতা হিসেবে সাজেদ আদেল, ম্যানেজার হিসেবে আরিফুল হক প্রিন্স এবং সহকারী ম্যানেজার হিসেবে মিজানুর রহমান ডন দায়িত্ব পালন করবেন। নারী দলের ম্যানেজার করা হয়েছে শফিকুল ইসলাম লিটু এবং সহকারী হিসেবে থাকছেন বদরুল আলম দিপু ও শহিদুল্লাহ টিটু।
তবে পুরুষ দলে দীর্ঘদিনের দেশি কোচ মশিউর রহমান বিপ্লবের জায়গায় বিদেশি কোচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে, যারা জার্মানির অনুশীলন ক্যাম্পে দলের দায়িত্ব নেবেন। বিদেশি কোচিং স্টাফরা দেশীয় সহকারী কোচ না নেওয়ার পক্ষে মতামত দেওয়ায় বিপ্লবকে বাদ দেওয়া হয়েছে বলে ফেডারেশন জানিয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক সরাফত ব্যতীত প্রথম নির্বাহী সভায় কার্যনির্বাহী কমিটির অন্য সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।