বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টরন্টো মাস্টার্স টেনিস টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের খেলায় শনিবার বড় ধরনের অঘটনের শিকার হয়েছেন বিশ্বের এক নম্বর তারকা এরিনা সাবালেঙ্কা এবং তিন নম্বর বাছাই জেসিকা পেগুলা।
টানা তৃতীয় ইউএস ওপেন শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কাকে ৭-৬ (৭/৩), ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে বড় ধাক্কা দিয়েছেন ১৬তম বাছাই রাশিয়ার একেতেরিনা আলেকসান্দ্রোভা।
বেলারুশ তারকাকে ২ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইয়ে বিদায় জানানোর পর আলেকসান্দ্রোভা বলেন, "আমি স্কোর কিংবা এক নম্বর তারকাকে হারানোর মতো বিষয় নিয়ে ভাবার চেষ্টা করিনি। আমি কেবল নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি পয়েন্ট এমনভাবে খেলার চেষ্টা করেছি যেন সেটিই শেষ পয়েন্ট, কারণ তাঁর (সাবালেঙ্কা) বিরুদ্ধে ম্যাচে খুব বেশি সুযোগ পাওয়া যায় না। আজ আমি বেশ কিছু সুযোগ পেয়েছিলাম, যার কয়েকটি কাজে লাগাতে পারিনি। অবশেষে জিততে পেরে আমি দারুণ আনন্দিত, কারণ দ্বিতীয় সেটের পর আমার মনে হয়েছিল জয়ের সুযোগ হয়তো হাতছাড়া হয়ে গেছে।"
কোয়ার্টার ফাইনালে আলেকসান্দ্রোভার মুখোমুখি হবেন ইউক্রেনের এলিনা স্ভিতোলিনা, যিনি ৭৮ মিনিটের লড়াইয়ে আমেরিকান আমান্ডা অ্যানিসিমোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন।
দিনের অপর অঘটনে বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা পেগুলাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন ১৫তম বাছাই রাশিয়ার ডায়ানা শ্নাইডার। ২২ বছর বয়সী এই বাঁহাতি পেগুলাকে পরাস্ত করতে মাত্র ৭৩ মিনিট সময় নেন।
শ্নাইডার বলেন, "চলতি সপ্তাহে ডিফেন্স করার পাশাপাশি উইনার্স শট খেলার ক্ষেত্রে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। কৌশলটি খুব ভালো কাজ করেছে। আজ আমি তুলনামূলক বড় লক্ষ্য নির্ধারণ করে খেলেছি, তবে মাঝে মাঝে বলে বেশ জোর দিয়ে শট খেলেছি।"
প্রথম সেটের টাইব্রেকারে রাশিয়ার আলেকসান্দ্রোভা শেষ ছয় পয়েন্টের পাঁচটি জিতে নিলে সেট হাতছাড়া করেন সাবালেঙ্কা।
আলেকসান্দ্রোভা যোগ করেন, "আমি অনেক দিন পর আবার অতিমাত্রায় আগ্রাসী টেনিস খেলার চেষ্টা করেছি এবং তা কাজ করেছে। আমার মনে হচ্ছিল যেন আমার বিশেষ শক্তি আছে এবং আমি নতুন কিছু তৈরি করতে পারি, যা মানসিকভাবে আমাকে সাহায্য করেছে।"
দ্বিতীয় সেট জিতে সাবালেঙ্কা সমতায় ফিরলেও, নির্ণায়ক সেটের দশম গেমে নিজ সার্ভিসে ম্যাচ পয়েন্টের মুখোমুখি হন। সার্ভিস উইনার দিয়ে প্রথমটি এবং এস মেরে দ্বিতীয় ম্যাচ পয়েন্ট রক্ষা করেন তিনি। কিন্তু একটি ব্যাকহ্যান্ড বেসলাইনের বাইরে পাঠানোর পর ষষ্ঠ ও শেষ ডাবল ফল্ট করে ম্যাচ হাতছাড়া করেন এই বেলারুশ তারকা।
আলেকসান্দ্রোভা বলেন, "ম্যাচের আগে আমার কোনো প্রত্যাশা ছিল না। কোর্টে নামার সময়ই জানতাম এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। আমি যতটা সম্ভব ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছি, কারণ সুযোগ তৈরি করার এটাই একমাত্র পথ বলে মনে হচ্ছিল। এর ফলে ভুল যেমন বেশি হয়েছে, তেমনি অনেক বেশি সুযোগও তৈরি হয়েছে।"
অন্যদিকে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা শিয়াওতেক প্রথম সেটে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ইউক্রেনের দশম বাছাই মার্তা কস্ত্যুককে। চারবারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ী সাবেক শীর্ষ তারকা শিয়াওতেক শেষ দুই সেটে কোনো সার্ভিস গেম না হারিয়ে নয়টি ব্রেক পয়েন্ট রক্ষা করেন।
শিয়াওতেক বলেন, "দ্বিতীয় সেটে আমি তুলনামূলক দ্রুত ও কিছুটা ভারী শট খেলে মার্তাকে চাপে ফেলার চেষ্টা করেছি। গেমের পর গেম আমার মনে হয়েছে এটি একটি ভালো পরিকল্পনা ছিল এবং আমি সেই অনুযায়ী খেলেছি।"