বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি সংগৃহীত
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ ক্রমেই বাণিজ্যিক স্বার্থের কাছে হার মানছে বলে অভিযোগ তুলেছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম।
ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, এসব পদক্ষেপ ফুটবলের গ্রহণযোগ্যতা ও সমর্থকদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
জার্মান সংবাদমাধ্যম ‘ডি জাইট’-এ প্রকাশিত এক মতামতধর্মী লেখায় লাম বিশ্বকাপ আয়োজনের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন।
বিশেষ করে টিকিটের উচ্চমূল্য এবং টুর্নামেন্ট পরিচালনায় ফিফার বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তার মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে আয় বাড়ানোর লক্ষ্য এতটাই প্রাধান্য পাচ্ছে যে ফুটবলের মূল চেতনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমর্থকদের স্বার্থের চেয়ে আর্থিক লাভকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত করেন সাবেক এই জার্মান তারকা।
চলমান ৪৮ দলের বিশ্বকাপে ম্যাচের দুই অর্ধে ‘হাইড্রেশন ব্রেক’ চালুর বিষয়টিও বিতর্ক সৃষ্টি করেছে।
এ প্রসঙ্গ টেনে লাম বলেন, বিশ্বকাপ ঘিরে নেওয়া কিছু সিদ্ধান্ত খেলাটির ঐতিহ্য ও স্বাভাবিক প্রবাহ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
কলামে তিনি লিখেছেন, বিশ্বকাপ ধীরে ধীরে এমন এক অবস্থার দিকে যাচ্ছে যেখানে মানুষ টুর্নামেন্ট এবং ফিফাকে আলাদা করে দেখতে পারছে না। এতে ফুটবলের প্রতি সমর্থকদের বিশ্বাস নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর আয়োজনের সম্ভাবনা নিয়েও আপত্তি জানিয়েছেন লাম। তার ভাষ্য, একটি বিশ্বকাপের গুরুত্ব ও মর্যাদা ধরে রাখতে যথেষ্ট সময়ের ব্যবধান প্রয়োজন। একই সঙ্গে প্রস্তুতি, উন্নয়নমূলক কার্যক্রম এবং টুর্নামেন্ট-পরবর্তী পরিকল্পনাও সমান গুরুত্বপূর্ণ।
তবে সবকিছুর পরও সম্প্রসারিত বিশ্বকাপের একটি ইতিবাচক দিক দেখছেন তিনি। লামের মতে, দল সংখ্যা ৪৮-এ উন্নীত হওয়ায় অপেক্ষাকৃত কম পরিচিত ফুটবল জাতিগুলো বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ পাচ্ছে। এতে ফুটবলের বৈশ্বিক বিস্তার আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, ফিফা সভাপতি ইনফান্তিনোর সমালোচনায় ফিলিপ লাম নতুন নন। ২০২২ বিশ্বকাপের সময়ও তিনি ফিফার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সংগঠনটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।