বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট। চুকনগর চেস ক্লাবের আয়োজনে এবং চুকনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের রেটেড দাবাড়ুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফিদে (FIDE) অনুমোদিত এ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা দুই দিনব্যাপী সুইজারল্যান্ড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং পরিবর্তনের সুযোগ থাকায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা।
আয়োজক সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে দাবার প্রসার ও নতুন প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরি করতেই নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। খেলাগুলো আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে’র নিয়ম অনুযায়ী ৬০ মিনিট সময় এবং প্রতিটি চালে ৩০ সেকেন্ড ইনক্রিমেন্ট পদ্ধতিতে পরিচালিত হয়।
সম্প্রতি সমাপ্ত আসরে ভারতের দাবাড়ু সৌরভ চৌবে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন মো. মুহায়মেনুর রহমান (খোকন) এবং তৃতীয় স্থান লাভ করেন জয়দেব। এছাড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুড়ান এমডি শরীফ হোসেনসহ আরও অনেকে।
চুকনগর ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান সংগঠক দীপ্তিমান বাপ্পি। প্রধান বিচারক (চিফ আর্বিটার) হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ম্যাচ রেফারি মো. আব্দুল্লাহ আল মামুন।
আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক মানের দাবা টুর্নামেন্ট আয়োজন স্থানীয় তরুণদের দাবা খেলায় আগ্রহী করে তুলছে। পাশাপাশি বাইরের জেলা ও বিদেশ থেকে আসা দাবাড়ুদের জন্য আবাসন ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে চুকনগর চেস ক্লাব ক্রীড়াঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। চুকনগর চেস ক্লাবের সভাপতি সরদার শাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, মো. কামাল হোসেন, সাংবাদিক আক্তারুজ্জামান লিটনসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।