বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরে মাঠ মাতাতে প্রস্তুত। টুর্নামেন্টের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস আসন্ন ২০২৬ মৌসুমের জন্য ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে তাদের দলে ভিড়িয়েছে। দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে এই বছর আবারও রাজকীয়ভাবে ফিরছে শ্রীলঙ্কার এই জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। ১৭ জুলাই কলম্বোয় জাফনা কিংস ও গালে মার্ভেলসের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়েই পর্দা উঠবে এই টুর্নামেন্টের।
জাফনা কিংসের এই চুক্তিটি সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই তিনি আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। চলতি বছরের জানুয়ারি মাসে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই ইমিরেটসের হয়ে সর্বশেষ অফিশিয়াল টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। এরপর দীর্ঘ কয়েক মাস মাঠের বাইরে থাকার পর লঙ্কার এই লিগ দিয়েই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কামব্যাক করছেন তিনি।
সাকিবের দলে যোগ দেওয়ার খবরটি একটি বিশেষ প্লেয়ার কার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ। সেখানে সাকিবকে ‘বিশ্বের অন্যতম সেরা ও পরিপূরক অলরাউন্ডার’ আখ্যা দিয়ে তারা লেখে, "যখনই দলের ব্যাটিংয়ে হাল ধরা প্রয়োজন হয়, সাকিব রান এনে দেন। আবার যখনই ব্রেকথ্রুর দরকার হয়, বল হাতে চতুরতার সাথে উইকেট তুলে নেন। বিশেষ করে যেকোনো চাপের মুহূর্তে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং মাথা ঠান্ডা রাখার ক্ষমতা দলের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়।" জাফনা কিংস তাদের শক্তিশালী ড্রেসিংরুমে সাকিবের অন্তর্ভুক্তিকে ‘ফায়ারপাওয়ার’ বা বাড়তি শক্তির সংযোজন হিসেবে দেখছে।
লঙ্কান লিগে সাকিবের খেলার অভিজ্ঞতা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের আসরে তিনি গালে টাইটান্সের হয়ে খেলেছিলেন। সেবার ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে ১১টি উইকেট শিকার করেছিলেন তিনি।
তবে এবার গালের প্রতিপক্ষ এবং এলপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল জাফনা কিংসের ডাগআউটে দেখা যাবে তাকে। লঙ্কান লিগের এযাবৎকালের অনুষ্ঠিত ৫টি আসরের মধ্যে রেকর্ড ৪ বারই চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলেছে এই জাফনা। এবার সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভর করে তারা তাদের পঞ্চম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে।