বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্প্যানিশ লিগে ডার্বি ম্যাচের উত্তেজনায় কাণ্ডজ্ঞান হারিয়ে বড় সমস্যায় পড়েছেন রিয়াল জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। হুয়েস্কার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
স্পেনের দ্বিতীয় বিভাগের এই ডার্বি ম্যাচটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার নির্দেশ পান আর্জেন্টাইন এই গোলরক্ষক। কিন্তু লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে তিনি দৌড়ে গিয়ে হুয়েস্কা অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে সজোরে ঘুসি মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।
পরিস্থিতি শান্ত করতে রেফারিকে আরও দুজনকে (হুয়েস্কা গোলরক্ষক দানি হিমেনেজ এবং জারাগোজার দানি তাসেন্দে) লাল কার্ড দেখাতে হয়। আন্দ্রাদাকে লাল কার্ডের জন্য ১ ম্যাচ এবং পরবর্তীতে হিংস্র আচরণের জন্য অতিরিক্ত ১২ ম্যাচ, মোট ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফেডারেশনের প্রতিবেদনে বলা হয়েছে, আন্দ্রাদা অত্যন্ত আক্রমণাত্মকভাবে দৌড়ে গিয়ে লাফিয়ে উঠে পুলিদোকে ঘুসি মারেন, যা ছিল অতিরিক্ত বলপ্রয়োগের শামিল।
এই অপরাধের গুরুত্ব বিবেচনা করেই তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাকে এবং তার ক্লাবকে বড় অংকের আর্থিক জরিমানাও করা হয়েছে।
এমন লজ্জাজনক ঘটনার পর ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক জনসমক্ষে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, আমি যা করেছি তার জন্য আমি সত্যিই লজ্জিত। এটি ক্লাব, ভক্ত এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমার ইমেজের জন্য মোটেও ভালো নয়। আমি হোর্হে পুলিদোর কাছেও ক্ষমা চাচ্ছি। ক্যারিয়ারে আমি এর আগে মাত্র একবার লাল কার্ড পেয়েছিলাম, কিন্তু এবার নিয়ন্ত্রণ হারিয়ে এমনটা করে ফেলেছি।
রিয়াল জারাগোজা এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, আন্দ্রাদার বিরুদ্ধে ক্লাব থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এই হারের ফলে জারাগোজা এবং হুয়েস্কা—উভয় দলই বর্তমানে রেলিগেশন জোনে ধুঁকছে।