বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নকশায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু ক্রিকেট নয়, ভবিষ্যতে অন্যান্য ক্রীড়া ইভেন্টও এখানে আয়োজনের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, স্টেডিয়ামটি শুধু একটি ক্রিকেট ভেন্যু হিসেবে সীমাবদ্ধ না রেখে বহুমুখী স্পোর্টস কমপ্লেক্সে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ২০২৭ এশিয়া কাপ এবং ২০৩১ বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজনের সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এর আগে নাজমুল হাসান পাপন আমলে স্টেডিয়ামের কার্যক্রম শুরু হয় এবং নৌকার আদলে এর প্রাথমিক নকশা তৈরি করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে নতুন নেতৃত্বের অধীনে প্রকল্পটি নিয়ে আশার কথা শোনা গেলেও অগ্রগতির ধারা পুরোপুরি স্থিতিশীল ছিল না। প্রায় ২৮ একর জায়গাজুড়ে নির্মাণাধীন এই স্টেডিয়ামকে আধুনিক ক্রীড়া অবকাঠামোতে রূপ দিতে এখন নকশায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এ বিষয়ে গণমাধ্যমকে তামিম ইকবাল বলেন, পুরো ডিজাইনটা তাকে দেখিয়েছি। এখানে কিছু কিছু পরিবর্তন প্রয়োজন। শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন করব না। কিছু কিছু নকশা পরিবর্তন করাটা প্রয়োজন। এটা অনেক বড় একটা জায়গা। এখানে আমাদের চেষ্টা থাকবে যে ক্রিকেটের পাশাপাশি কিছু কিছু স্পোর্টসকে সংযুক্ত করা। তাহলে এটা আমাদের সার্বিক স্পোর্টসের জন্যই ভালো হবে। আর্থিকভাবে হয়তো ক্রিকেট বোর্ডের অবস্থা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়বদ্ধতা রয়েছে অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়ার।
২০১৯ সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাঠ দ্রুত বাস্তবে রুপ দেওয়ার গল্প অনেকেই শুনিয়েছেন। কিন্তু হয়েছে উল্টো। একদফা পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নাম। উইকেটের মাটির চুরির মতো ঘটনারও সাক্ষী এই মাঠ। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, ২০২৭ এশিয়া কাপ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ এ মাঠে গড়ানোর পরিকল্পনা আছে তাদের। দিয়েছেন প্রয়োজনীয় সব সহযোগিতার প্রতিশ্রুতি।
আমিনুল হক বলেন, ২০২৭ সালে আমাদের এশিয়া কাপ রয়েছে এবং ২০৩১ সালে আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে। সে চিন্তা ভাবনা করে আমরা আশা করছি ক্রিকেট বোর্ডর নিজেরাই এ কার্যক্রম শুরু করবে। পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য যা যা করা প্রয়োজন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সে পদক্ষেপগুলো নিব।
পূর্বাচল স্টেডিয়ামের পর সুজন, সাইফ-সৌম্যদের ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে যান তামিম ইকবাল। এবারের ডিপিএল সেখানে আয়োজনের পরিকল্পনা বিসিবির। আসর শুরুর আগে তামিম দিয়েছেন নানা নির্দেশনা।
ক্রিকেটার্স একাডেমির হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ক্রিকেটের বিষয়ে নানা পরামর্শ দিলো। মাঠ ব্যবহারের জন্য বিসিবির সাথে আমাদের একটা আলাপ হয়েছে। ও (তামিম) দেখে পছন্দ করেছে। প্রিমিয়ার লিগ হওয়ার মতো সুন্দর মাঠ বলেছে।