বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মাঠে আসা দর্শকদের সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির অফিসিয়াল পেজে দেওয়া এক বক্তব্যে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সেখানে তিনি জানান, দর্শকদের স্টেডিয়াম অভিজ্ঞতা আরও উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তামিম বলেছেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। যেমন—প্লেয়ারদের নিয়ে কাজ করি, স্টাফদের নিয়ে কাজ করি, কোচিং স্টাফকে নিয়ে কাজ করি। আমাদের কর্মচারি যারা আছেন, তাদের সুযোগ-সুবিধা কী আছে—এসব প্রতিটি বিষয় নিয়েই আমরা চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যায় পড়ছে কি না, সেটিও দেখি। কিন্তু নানা কারণে বছরের পর বছর আমরা আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার—আমাদের দর্শক, যারা মাঠে খেলা দেখতে আসেন—তাদের সুযোগ-সুবিধা নিয়ে কখনও কথা বলিনি, বা বলার চেষ্টা করিনি।’
এরপরই পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার কথা বলেন সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি এই বিষয়টা বদলাতে চাই। একজন দর্শক যখন মাঠে খেলা দেখতে আসবেন, তার অভিজ্ঞতাটা যেন সত্যিকারের একটা অভিজ্ঞতা হয়। যেন বাসায় ফিরে বলতে পারে—‘আমি আজ আমার দলের খেলা একটা চমৎকার পরিবেশে দেখেছি।’ আমরা এই জায়গায় কখনও কাজ করিনি, কিন্তু এখন করতে চাই।’
দর্শক-সমর্থকদের কাছ থেকেই সরাসরি মতামত নেওয়ার পরিকল্পনার কথাও জানান তামিম। তিনি বলেছেন, ‘আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা, পানির ব্যবস্থা, খাওয়া-দাওয়া—সবকিছু মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা আমরা আপনাদের কাছ থেকেই জানতে চাই। সবাইকে একসঙ্গে ডেকে কথা বলা সম্ভব নয়, কিন্তু আমরা র্যান্ডমভাবে ৫ থেকে ১০ জন দর্শককে বেছে নিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বসবো। তাদের অভিজ্ঞতা জানবো—কোথায় সমস্যা হচ্ছে, কোথায় হচ্ছে না, কী কী উন্নতি করা যায়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তামিম বলেছেন, ‘ইনশাআল্লাহ ১৭ তারিখে নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের প্রথম হোম সিরিজের প্রথম ম্যাচ থেকেই আমরা এটি শুরু করবো। এছাড়া আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবে, তাদের মতামত নেবে এবং সরাসরি আমাকে রিপোর্ট করবে। এভাবে আমরা অনেকের অভিজ্ঞতা জানতে পারবো।’
তিনি আরও বলেন, ‘কোন জায়গায় উন্নতি করলে দর্শকদের জন্য খেলা দেখার অভিজ্ঞতাকে স্মরণীয় করা যায়, সেটি নিয়ে আমরা দ্রুত কাজ শুরু করবো—পরবর্তী ম্যাচ থেকেই।’
শেষে দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন জানাতে আহ্বান জানান তামিম, ‘সামনের হোম সিরিজগুলোতে আপনাদের সুযোগ-সুবিধা বাড়াতে চাই। আশা করি, ১৭ তারিখ শুক্রবার প্রথম ওয়ানডেতে আপনারা সবাই মাঠে আসবেন, বাংলাদেশ দলকে সমর্থন করবেন এবং নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। যাতে আমরা বিসিবির পক্ষ থেকে আরও উন্নতি করতে পারি। ধন্যবাদ, সবার সঙ্গে দেখা হবে।’