বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকি টুর্নামেন্ট। হকির সেই মর্যাদাপূর্ণ মঞ্চে জায়গা করে নেওয়ার মিশনে থাইল্যান্ডে শুরু হওয়া বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে। ম্যাচের শেষ মুহূর্তের চরম নাটকীয়তা দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেও জয় নিয়ে মাঠ ছাড়তে ভুল করেনি কোচ অলিভার কার্টজের শিষ্যরা।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সহজ ছিল না। মাত্র ৪ মিনিটের মাথায় চি হুসানের ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে সমতায় ফেরান ড্র্যাগ ফিকার আশরাফুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টারেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ; ২০তম মিনিটে পিসি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেই আশরাফুল।
বিরতির পর আক্রমণ আরও ধারালো করে লাল-সবুজরা। যুব হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম জাতীয় দলের জার্সিতেও নিজের মুন্সিয়ানা দেখান। তৃতীয় কোয়ার্টারে দুর্দান্ত এক পিসি গোলে ব্যবধান ৩-১ করেন তিনি। চতুর্থ কোয়ার্টারের ৫৯তম মিনিটে দ্বীন ইসলাম ইমন গোল করলে ৪-১ ব্যবধানে বাংলাদেশের জয় যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই শুরু হয় আসল নাটকীয়তা।
ম্যাচ শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। ৫৯তম মিনিটেই চি হুসান নিজের দ্বিতীয় গোল করেন। এর মাত্র ১৪ সেকেন্ডের ব্যবধানে পিসি থেকে আরও একটি গোল করে স্কোরলাইন ৪-৩ করে ফেলে তাইপে। ম্যাচের শেষ ৫০ সেকেন্ড চরম উত্তেজনা ছড়িয়ে দিলেও রক্ষণভাগ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি নাগোয়া এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।
টুর্নামেন্টের একাধিকবারের চ্যাম্পিয়ন হিসেবে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল লঙ্কানদের মুখোমুখি হবে লাল-সবুজ ব্রিগেড।