বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি- ক্রিকইনফো
ফুটবলের দেশ ইতালি টি২০ বিশ্বকাপ খেলবে, এটা শুনেই অনেকে অবাক হয়েছিলেন। সেই বিস্ময় কাটিয়ে গতকাল উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শেষ করেছে আজ্জুরিরা। বিশ্বমঞ্চে আবির্ভাবে জয়ের দেখাও পেয়েছে দেশটি। বিদায় বেলায় একটি প্রশ্ন অবশ্য ঘুরপাক খাচ্ছে, চারবার ফুটবল বিশ্বকাপজয়ীদের আবার কী ক্রিকেটের বিশ্বমঞ্চে দেখা যাবে!
অভিষেক আসরে ইতালি খারাপ খেলেনি। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে গেলেও পরের ম্যাচে নেপালকে হারিয়ে ইতিহাস গড়ে তারা। নেপালের বিপক্ষে ১০ উইকেটের জয় যেন ফুটবলপাগল দেশটির জন্য নতুন দিগন্ত খুলে দেয়। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষেও ভালো শুরু করেছিল তারা। ১০৫ রানে ইংলিশদের ৫ উইকেট তুলে নিয়েছিল। কিন্তু শেষ দিকে চাপটা ধরে রাখতে পারেনি। উইল জ্যাকস-স্যাম কারেনরা ইংলিশদের রান দুইশ পার করেন। এর পরও ২৪ রানের হার মন্দ নয় ইতালির জন্য। গতকাল কলকাতার ইডেন গার্ডেনে দুবারের চ্যাম্পিয়ন উইন্ডিজকে ১৬৫ রানে আটকে দেয় তারা। তবে রান তাড়া করতে নেমে ব্যাটিং ভালো হয়নি তাদের। অভিষেক আসরে এমন পারফরম্যান্সের পরও ক্রিকেট থেকে ইতালির হারিয়ে যাওয়ার শঙ্কা কেন? কেন ইতালির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা? এর মূল কারণ ইতালির হয়ে যারা ভালো খেলছেন, তাদের কেউই আসল ইতালিয়ান নন।
ইতালির এই ক্রিকেট বিপ্লবের নায়ক হলেন অ্যাশেজ খেলা সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস। অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট খেলা বার্নসের পরিবার ইতালির। ২০২৪ সালে ব্রিজবেনে তাঁর ভাই ডমিনিক মারা যান। তার পরেই বার্নসের পৃথিবী বদলে যায়। ভাইয়ের প্রতি সম্মান জানাতে ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বার্নসের দাপটেই ইউরোপ থেকে বিশ্বকাপের টিকিট পায় ইতালি। তিনি অবশ্য শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে আসেননি। এবারের আসরে ইতালির সেরা পারফরমার বেঞ্জামিন মানেন্তি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত। সিডনিতে জন্ম নেওয়া ২৮ বছর বয়সী এ তারকা ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি অফস্পিনে ৫ উইকেট নিয়েছেন। নেপালের বিপক্ষে ইতালিকে জয় এনে দেওয়া ওপেনার দুই ভাই জাস্টিন মস্কা ও অ্যান্থনি মস্কা ত্রিশোর্ধ্ব। আগামী আসরে তারা নাও থাকতে পারেন। ইতালির বোলিংয়ের প্রধান অস্ত্র শ্রীলঙ্কান বংশোদ্ভূত লেগস্পিনার কৃষাণ কালুগামাগে। পঁয়ত্রিশ ছুঁইছুঁই এ তারকাকে আগামী আসরে নাও দেখা যেতে পারে। ৩৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত জে জে স্মুটও আর কতদিন খেলা চালিয়ে যাবেন, সেটা নিয়েও শঙ্কা রয়েছে।
গতকাল উইন্ডিজের বিপক্ষে ইতালির একাদশে থাকা ছয়জন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত, দুজন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত, দুজন পাকিস্তানি বংশোদ্ভূত ও একজন শ্রীলঙ্কান বংশোদ্ভূত। গতকাল বিদায়ী ম্যাচ খেলার সময় অধিনায়ক হ্যারি মানেন্তির কণ্ঠে আক্ষেপই শোনা গেল, ‘আমাদের টিকে থাকার ও লড়াই করার ক্ষমতা আছে। ইংল্যান্ড ও উইন্ডিজের মতো দলের বিপক্ষে আমরা তা দেখিয়েছি। অন্য সব সহযোগী দেশের মতো আমাদেরও অর্থ প্রয়োজন এবং আইসিসির প্রত্যক্ষ তত্ত্বাবধান প্রয়োজন। বড় দলগুলোর সঙ্গে আমরা যত খেলব, ততই তাদের কাছাকাছি পৌঁছে যাব।’