বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি:পিটার বাটলার(ফেসবুক থেকে)
বাংলাদেশের ফুটবলকে ভালো স্থানে নেওয়ার জন্য তাঁকে আনা। বাফুফে এলিট একাডেমিতে কোচিং করানো শুরু করেন তিনি। কোচহীন থাকা নারী জাতীয় ফুটবল দলের দায়িত্ব ২০২৩ সালে দেওয়া হয় পিটার বাটলারকে। তাঁর হাত ধরে ২০২৪ নারী সাফের শিরোপা জিতে বাংলাদেশ। এই সাফ চলাকালীন সিনিয়র ফুটবলারদের সঙ্গে বাটলারের দূরত্ব সৃষ্টি হয়। সাফের পর বাটলারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেন ১৮ নারী ফুটবলার। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করায় অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, নীলুফার ইয়াসমীন নীলা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তারদের জাতীয় দল থেকে বাদ দেন তিনি।
এই নিয়ে অনেক সমালোচনা হলেও তাতে কান দেননি এ ব্রিটিশ কোচ। সম্প্রতি ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার নিজের একক সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন, ‘মূলত আমরা আরও বেশি তরুণ খেলোয়াড় এনে সিনিয়র জাতীয় দলটিকে নতুন করে গুছিয়েছি। আমি আসার আগে স্কোয়াডে এমন কিছু খেলোয়াড় ছিল, যারা সেখানে থাকার যোগ্য ছিল না। কাজটা সবার জন্য সহজ ছিল না, কিন্তু আমি এখানে মানুষকে খুশি করতে আসিনি।’
১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর নিয়ে ফুটবলপ্রেমীদের যেমন স্বপ্ন দেখাচ্ছেন না, তেমনি করে লড়াইয়ের প্রতিশ্রুতি ৫৯ বছর বয়সী এ ইংলিশম্যানের। এশিয়ান কাপে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন এবং উজবেকিস্তান। ৩ মার্চ প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে আফঈদা খন্দকার-ঋতুপর্ণাদের এশিয়ান কাপের মিশন শুরু হবে। আরেক প্রতিপক্ষ উত্তর কোরিয়া রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। উজবেকিস্তানই কেবল বাংলাদেশের ধরাছোঁয়ার মধ্যে। প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপে বাংলাদেশের অংশ নেওয়া অবশ্যই বড় অর্জন। এই আসরে গ্রুপ পর্ব পেরুনো আট দল পাবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে সরাসরি খেলার সুযোগ। সেরা ছয় দল পাবে এ বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলে হতে যাওয়া উইমেন’স ফুটবল বিশ্বকাপে খেলার টিকিট।
স্বপ্ন দেখলেও বাটলার বাস্তববাদী, ‘আমি এই কোয়ালিফিকেশনে (উইমেন’স এশিয়ান কাপ) খেলাটিকে একটি বিশাল অর্জন হিসেবে দেখছি। এটি খুব তরুণ একটি দল। দলের প্রায় অর্ধেক সংখ্যক খেলোয়াড়ের বয়স ২০ বছরের নিচে এবং একই সময়ে আমাদের অনূর্ধ্ব-২০ দলও এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটি দেখাচ্ছে যে, বড় কিছু ঘটতে যাচ্ছে। আমরা সুশৃঙ্খল ও লড়াকু হব এবং ভালো ফুটবল খেলার চেষ্টা করব। তবে নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আমাদের জন্য একটি বিশাল পাহাড়ের চূড়ায় ওঠার মতো কঠিন কাজ হবে। আমার একমাত্র মনোযোগ এখন চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে ভালো লড়াই করা। এটিই আমাদের সামনের মূল চ্যালেঞ্জ। মূল উদ্দেশ্য শুধু কোয়ালিফাই করা নয়, বরং সঠিক উপায়ে শৃঙ্খলা ও ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের ছাপ রেখে যাওয়া।’