বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির সূচনা হবে আগামী ১ ডিসেম্বর বড় সমাবেশের মধ্য দিয়ে -ছবি : সংগৃহীত
বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির সূচনা হবে আগামী ১ ডিসেম্বর বড় সমাবেশের মধ্য দিয়ে। উদ্বোধনী এ সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয়ের মাসের কর্মসূচি সফল করতে তাৎক্ষণিকভাবে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা, বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিব এবং রাজধানীর আশপাশের জেলার নেতারা অংশ নেন।
তিনি বলেন, ১ ডিসেম্বর বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ সমাবেশে দলের চেয়ারম্যান ও সরকারপ্রধান তারেক রহমানের উপস্থিতি প্রত্যাশা করছে বিএনপি। সেই লক্ষ্যেই প্রাথমিক প্রস্তুতি ও সাংগঠনিক আলোচনা হয়েছে।
সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী একটি দেশ থেকে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখনো সহিংসতার রাজনীতি থেকে সরে আসেননি বলেও দাবি করেন তিনি।
রিজভীর অভিযোগ, শেখ হাসিনার নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্ট অংশ বিভিন্ন স্থানে বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
বিএনপির নেতাকর্মীদের হত্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় হত্যাকাণ্ডের ঘটনায় কৃষক দলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। সেই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতেই বিভিন্ন মহল থেকে নানা ধরনের তৎপরতা চালানো হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগের পথে যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটত। গত ১৭ বছরে দেশের মানুষ এসব ঘটনার অভিজ্ঞতা পেয়েছে। বর্তমান সরকারের ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান নিয়েও মন্তব্য করেন রিজভী। যুক্তরাষ্ট্রে দলটির একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে জুলাইয়ের গণ-আন্দোলনের প্রশংসা করা হয়েছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। প্রতিবেশী দেশের এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো ধরনের হুমকি বা অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
১৬ ডিসেম্বর ঢাকা দখলের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের নির্যাতনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ আপসহীন। বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডেও অন্য কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।