বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ -ছবি : সংগৃহীত
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিংবা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সানাউল্লাহ জানান, আসন্ন ইউপি নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। পাঁচটি ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার প্রায় ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে।
তিনি বলেন, আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্ধারিত সময়ে ভোট আয়োজন সম্ভব হবে না, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে নির্বাচনের আওতাভুক্ত ইউনিয়নগুলোর নাম জানা যাবে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। সানাউল্লাহ জানান, নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম দিকে দলগুলোকে নিবন্ধনের ক্রমানুসারে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন। নির্ধারিত তারিখের ৫০ দিন আগে-পরে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মুদ্রণের কাজে সাময়িক প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে। বিষয়টি শনাক্ত করে সমাধানের চেষ্টা চলছে।
তবে এ সমস্যার কারণে এনআইডিসেবা বন্ধ হয়নি বলে জানান তিনি। তাঁর ভাষ্য, এনআইডি সংশোধনের আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সংশোধিত পরিচয়পত্র প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন। আপাতত শুধু স্মার্ট কার্ড মুদ্রণের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।
সানাউল্লাহ আরও জানান, ২০১৭ সালের ১ জুলাই থেকে স্মার্ট কার্ড মুদ্রণসংক্রান্ত চুক্তি নিয়ে জটিলতা চলছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করা হয়নি। পাশাপাশি একটি অডিট আপত্তিও এখনো নিষ্পত্তি হয়নি। এসব জটিলতা কাটিয়ে কীভাবে কার্যক্রম চালু রাখা যায় তা নিয়ে কমিশন আলোচনা করেছে।

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত এসব মেশিনের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিষ্পত্তি নিয়ে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা করেছে নির্বাচন কমিশন।
সানাউল্লাহ বলেন, দেশের বিভিন্ন স্থানে সংরক্ষিত ইভিএমের সংখ্যা ও বর্তমান অবস্থা যাচাই করা হবে। এ কার্যক্রম গাজীপুর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। কারণ, সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত আছে। কমিটির সুপারিশ পাওয়ার পর সেগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইভিএম নিষ্পত্তির ক্ষেত্রে একাধিক পদ্ধতি বিবেচনায় রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট বিষয়গুলোও পর্যালোচনা করা হবে।
এ ছাড়া এনআইডিসেবা আরও সহজ ও জনবান্ধব করতে কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেবার ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সমাধান বের করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য বলে জানান নির্বাচন কমিশনার।