বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান -ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই। এ সংক্রান্ত আইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রণয়ন করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে কোনো আইনি সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন৷ প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে সেটা একটা আইনি প্রক্রিয়া৷
শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বিবিসির শুক্রবারের এক প্রতিবেদনের কথা উল্লেখ করে এ ব্যাপারে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চান একজন সাংবাদিক৷ উত্তরে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷ ওনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।
এ প্রসঙ্গে ১৯৭৩ সালের আইনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ওই আইনের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না৷
শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা ওনারা বলতে পারবেন।
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে সম্প্রতি খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে যে ভারতের সম্মতি ছাড়া হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। তবে সে ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা বলা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশের সামরিক বিমানে তাকে ফিরিয়ে নিতে হলে সে কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রত্যাবর্তন স্থলপথে হতে পারে, আকাশপথেও হতে পারে। দ্বিতীয় শর্ত, হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান, জুলাই গণহত্যার বিচার যাতে নতুন করে শুরু হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
এই খবর নিয়ে শুক্রবার প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ওই সাংবাদিক প্রশ্নে বলেন, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে যে, নয়াদিল্লি চায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি সামরিক বিমান পাঠাক, তাকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে তার বিচার হোক। এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি?
এই প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন, আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।
এদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন এ কার্যক্রম শুরু করবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
এ সময় রেজিস্ট্রারদের দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।