বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান : ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনা প্রতিরোধে সরকার কিছুটা হলেও ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের সময় সহিংস ঘটনা ও প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি হলে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাসও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় চালকের মৃত্যুর প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানতে চান, এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কাটাতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে।
জবাবে জাহেদ উর রহমান বলেন, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করতেই পারে। এমনকি খালি বাসে আগুন দেওয়া হলেও জনমনে উদ্বেগ দেখা দিতে পারে। আর এ ধরনের ঘটনায় কারও মৃত্যু হলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ে ‘কিছুই হয়নি’ এমন বক্তব্য দেওয়া সরকারের জন্য ঠিক হবে না। জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের হাতে থাকায় এ ধরনের ঘটনা ঘটলে সরকার কিছুটা হলেও ব্যর্থ হয়েছে বলে মানুষের মনে হওয়া স্বাভাবিক।
সহিংসতা নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে উপদেষ্টা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধের প্রবণতা কমতে পারে। জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এসব ঘটনায় দেশজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বলে মনে করেন না তিনি। তিনি বলেন, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এমন দাবির পক্ষে কোনো পরিসংখ্যান নেই। ব্যক্তিগত অভিজ্ঞতায়ও তিনি ব্যাপক আতঙ্কের চিত্র দেখেননি। তবে সহিংসতার ঘটনায় মানুষের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে। দলটির সাবেক নেতাকর্মীদের সভা-সমাবেশে অংশগ্রহণ এবং লন্ডন থেকে দেশে আসা এক সাবেক সংসদ সদস্যের নিজ এলাকায় সভা করার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সঙ্গে যুক্ত ছিলেন এমন প্রত্যেক ব্যক্তির অন্য কোনো সভা-সমাবেশে অংশ নেওয়ার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা নেই।
তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশে অংশ নিতে পারেন।
উপদেষ্টা বলেন, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ থাকার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এ অবস্থায় দলটির ব্যানারে কোনো সভা, মিছিল বা কর্মসূচি আয়োজনের সুযোগ নেই।
লন্ডন থেকে আসা সাবেক সংসদ সদস্যের সভাটি আওয়ামী লীগের ব্যানারে বা দলীয় কর্মসূচি হিসেবে আয়োজন করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, সভায় ব্যানার-প্যান্ডেল ছিল এবং নির্দিষ্ট কর্মসূচি উপলক্ষে আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সেটি আওয়ামী লীগের কর্মসূচি হয়ে থাকলে আইন ভঙ্গ হয়েছে এবং এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন স্থানে হঠাৎ রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না এমন প্রশ্নে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলতে রাজি হননি জাহেদ উর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ বড় দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতিদিন বিপুলসংখ্যক তথ্য আসে। এর মধ্যে কিছু ঘটনা হঠাৎ ঘটে যেতে পারে। আবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক ঘটনা আগেই প্রতিহত করা হয় যেগুলো সব সময় জনসমক্ষে আসে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামগ্রিক কার্যক্রম মূল্যায়নের ক্ষেত্রেও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় অতীতের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পরিস্থিতির সঙ্গে তুলনা করে বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তবে সেই তুলনা দেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোকে উপেক্ষা করার সুযোগ দেয় না বলেও জানান তিনি।