বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা শোনা যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই নানা অপপ্রয়াস চালিয়ে আসছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যায় অভিযুক্ত ব্যক্তিদের কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া এবং নাগরিক হত্যার ঘটনায় অভিযুক্তদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কোনো তৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চললেও সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার উদ্যোগের কথাই তুলে ধরেছে। তবে ডিসেম্বরে তার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এ বক্তব্যে দেওয়া হয়নি।